প্রকাশিত: ৫ জুন, ২০২৬, ০৩:৫৪ পিএম
অনলাইন সংস্করণ
মধ্যপ্রাচ্যে চলমান ভূ-রাজনৈতিক উত্তেজনা এবং মার্কিন যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে আবার সুদহার বাড়ার আশঙ্কায় বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন হয়েছে।
শুক্রবার আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম কমার পাশাপাশি সাপ্তাহিক হিসেবেও পণ্যটি বড় ধরনের লোকসানের মুখে পড়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ইরান-যুক্তরাষ্ট্র শান্তি চুক্তি কার্যকরের প্রচেষ্টা থমকে যাওয়ায় বিনিয়োগকারীদের মধ্যে নেতিবাচক প্রভাব পড়েছে, যার সরাসরি ধাক্কা লেগেছে স্বর্ণের বাজারে।
আন্তর্জাতিক বাজার বিশ্লেষণ করে দেখা গেছে, শুক্রবার বাংলাদেশ সময় বেলা ১১: ৪৮ মিনিট নাগাদ আন্তর্জাতিক বাজারে প্রতি আউন্স স্বর্ণের দাম ০.৬ শতাংশ কমে ৪,৪৪৫.৫১ মার্কিন ডলারে নেমে এসেছে। চলতি সপ্তাহে স্বর্ণের দাম প্রায় ২ শতাংশ কমেছে। অন্যদিকে, আগামী আগস্ট মাসে সরবরাহের চুক্তিতে মার্কিন গোল্ড ফিউচারসের দাম ০.৭ শতাংশ কমে প্রতি আউন্স ৪,৪৭১.৭০ ডলারে দাঁড়িয়েছে।
মূলত ইরান-সমর্থিত হিজবুল্লাহ মিলিশিয়ারা লেবাননে নতুন করে যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান করা এবং ইসরাইল সে দেশ থেকে সেনা প্রত্যাহার না করার ঘোষণা দেওয়ায় পরিস্থিতি জটিল হয়ে উঠেছে। লেবাননে যুদ্ধ থামিয়ে তেহরানের সঙ্গে শান্তি চুক্তি করার যে প্রচেষ্টা ট্রাম্প চালাচ্ছিলেন, এই ঘটনায় তা বড় ধাক্কা খেয়েছে।
এবিসি রিফাইনারির গ্লোবাল হেড অব ইনস্টিটিউশনাল মার্কেটস নিকোলাস ফ্রাপেল বলেন, ইরান সংঘাতের অবসান নিয়ে তৈরি হওয়া হতাশা স্বর্ণের বাজারে নেতিবাচক প্রভাব ফেলেছে। এর পাশাপাশি মার্কিন বাজারে সুদের হার আরও কঠোর বা বৃদ্ধির একটি প্রবণতা দেখা যাচ্ছে, যা স্বর্ণের দামের ওপর বাড়তি চাপ তৈরি করেছে।
সাধারণত স্বর্ণকে মূল্যস্ফীতিজনিত লোকসান এড়ানোর একটি নিরাপদ মাধ্যম হিসেবে দেখা হলেও, সুদের হার বাড়লে এই অনুত্পাদনশীল ধাতুর ওপর নেতিবাচক প্রভাব পড়ে। শিকাগো মার্কেন্টাইল এক্সচেঞ্জের টুল অনুযায়ী, বাজার সংশ্লিষ্টরা ধারণা করছেন চলতি বছরের শেষ নাগাদ মার্কিন ফেডারেল রিজার্ভ সুদের হার বাড়াতে পারে। আগামী ডিসেম্বরের মধ্যে সুদহার বৃদ্ধির সম্ভাবনা ৫১ শতাংশ বলে মনে করা হচ্ছে।
স্বর্ণের পাশাপাশি আন্তর্জাতিক বাজারে অন্যান্য মূল্যবান ধাতুর দামও উল্লেখযোগ্য হারে কমেছে। রুপার দাম ২ শতাংশ কমে প্রতি আউন্স ৭২.৩৬ ডলারে নেমে এসেছে। প্লাটিনামের দাম ১ শতাংশ কমে দাঁড়িয়েছে ১,৮৮০.৪০ ডলারে এবং প্যালাডিয়ামের দাম ১.৭ শতাংশ কমে প্রতি আউন্স ১,২৯৮.৪৯ ডলারে ঠেকেছে।
মন্তব্য করুন