প্রকাশিত: ১ ঘন্টা আগে, ০৪:০৩ পিএম
অনলাইন সংস্করণ
জুলাই গণঅভ্যুত্থান চলাকালে কুষ্টিয়ায় ছয়জনকে হত্যার অভিযোগে দায়ের করা মামলায় নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ নেতা মাহবুব-উল আলম হানিফসহ চার আসামির বিরুদ্ধে রায় ঘোষণার জন্য অপেক্ষমাণ রেখেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। বুধবার (১০ জুন) রাষ্ট্র ও আসামিপক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষ হলে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর বিচারিক প্যানেল মামলাটি রায়ের জন্য (সিএভি) রেখে দেন।
আদালত সূত্রে জানা গেছে, গত ৭ জুন রাষ্ট্রপক্ষ তাদের যুক্তিতর্ক উপস্থাপন শেষ করে এবং আসামিদের সর্বোচ্চ শাস্তির আবেদন জানায়। পরবর্তী সময়ে ৮, ৯ ও ১০ জুন আসামিপক্ষ তাদের যুক্তি তুলে ধরে। সব পক্ষের শুনানি শেষে মামলাটি এখন রায়ের অপেক্ষায় রয়েছে। বিষয়টি নিশ্চিত করেন রাষ্ট্রপক্ষের প্রধান আইনজীবী মো. আমিনুল ইসলাম।
মামলার প্রেক্ষাপটে জানা যায়, ২০২৪ সালের ২৭ জুলাই কুষ্টিয়া জেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে স্থানীয় নেতা আজগর আলীর বক্তব্যের সূত্র ধরে প্রসিকিউশন তাদের যুক্তি উপস্থাপন করে। এতে বলা হয়, আন্দোলন দমনে কঠোর নির্দেশনা ছিল এবং সেই নির্দেশনার ধারাবাহিকতায় হত্যাকাণ্ড সংঘটিত হয়।
এর আগে গত ১১ মে থেকে রাষ্ট্রপক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শুরু হয়। প্রথম দিনে প্রসিকিউটর মোহাম্মদ মিজানুল ইসলাম আদালতে বলেন, আসামিদের বক্তব্য, নির্দেশনা এবং সাংগঠনিক ভূমিকার ধারাবাহিকতায় কুষ্টিয়ায় হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে। প্রসিকিউশন দাবি করে, ঘটনাগুলো ছিল পরিকল্পিত ও সমন্বিত হামলার অংশ।
মামলাটিতে তদন্ত কর্মকর্তাসহ মোট ১৯ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করা হয়েছে। অভিযোগে বলা হয়েছে, জুলাই গণঅভ্যুত্থানের সময় কুষ্টিয়ায় সংঘটিত হত্যাকাণ্ডে সরাসরি বা পরোক্ষভাবে জড়িত ছিলেন আসামিরা।
এ মামলার অন্য আসামিরা হলেন কুষ্টিয়া জেলা আওয়ামী লীগ সভাপতি সদর উদ্দিন খান, সাধারণ সম্পাদক আজগর আলী এবং শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান আতা। চারজনই বর্তমানে পলাতক রয়েছেন বলে জানা গেছে।
মন্তব্য করুন