প্রকাশিত: ১ ঘন্টা আগে, ০৪:৪৪ পিএম
অনলাইন সংস্করণ
বিশ্বকাপ ফুটবল টুর্নামেন্ট শুরুর ঠিক আগের দিন আজ বুধবার ঘরের মাঠে নাইজেরিয়ার বিরুদ্ধে চূড়ান্ত প্রস্তুতি ম্যাচে মাঠে নামছে পর্তুগাল। নিজের ক্যারিয়ারের ঐতিহাসিক ষষ্ঠ বিশ্বকাপে অংশ নিতে যাওয়া অধিনায়ক ক্রিশ্চিয়ানো রোনালদোর আন্তর্জাতিক ভবিষ্যৎ এবং দেশের মাটিতে এটিই তার শেষ ম্যাচ কি না, তা নিয়ে ফুটবলপ্রেমীদের মাঝে তুমুল কৌতুহল তৈরি হয়েছে। তবে পর্তুগিজ মহাতারকা কিংবা দলটির কোচের পক্ষ থেকে অবসরের ব্যাপারে এখনও কোনো সুনির্দিষ্ট আভাস দেওয়া হয়নি।
মাঠে ও মাঠের বাইরে নিজের শারীরিক সক্ষমতা, কঠোর শৃঙ্খলা এবং পারফরম্যান্স ধরে রাখার যে অনন্য দৃষ্টান্ত ৪১ বছর বয়সী এই ফরোয়ার্ড স্থাপন করেছেন, তাতে অনেকেই মনে করছেন আন্তর্জাতিক ফুটবলে তার শেষ এখনই দেখছেন না। পর্তুগালের প্রধান কোচ রবার্তো মার্তিনেজও এই বিষয়ে একই ধরনের ইতিবাচক বার্তা দিয়েছেন। নাইজেরিয়ার মুখোমুখি হওয়ার আগে আয়োজিত এক সংবাদ সম্মেলনে দলের অধিনায়কের ভূয়সী প্রশংসা করে তিনি বলেন, জাতীয় দলের জন্য রোনালদোর নিবেদন এবং পেশাদারিত্ব অন্যদের জন্য অনুকরণীয়।
মার্তিনেজের মতে, দলের প্রয়োজনে রোনালদো প্রতিদিন নিজেকে সর্বোচ্চ পর্যায়ে প্রস্তুত রাখেন এবং প্রতিটি মুহূর্তে দলকে সাহায্য করার চেষ্টা করেন। সম্প্রতি চিলির বিরুদ্ধে প্রীতি ম্যাচে ২-১ ব্যবধানে জয়ের পর রোনালদোর আবেগঘন মুহূর্ত আন্তর্জাতিক গণমাধ্যমে নতুন করে জল্পনা উসকে দিলেও, দলীয় ম্যানেজমেন্ট এটিকে অত্যন্ত স্বাভাবিকভাবে দেখছে।
সংবাদ সম্মেলনে রোনালদোর দীর্ঘমেয়াদি ভবিষ্যৎ ও দলীয় পরিকল্পনা নিয়ে প্রশ্ন করা হলে মার্তিনেজ জানান, বর্তমানে জাতীয় দলের কোনো খেলোয়াড়ই দীর্ঘমেয়াদি বিষয় নিয়ে ভাবছে না।
আসন্ন বৈশ্বিক আসরে কঙ্গো প্রজাতন্ত্র, উজবেকিস্তান ও কলম্বিয়ার বিরুদ্ধে মাঠে নামার আগে এই ম্যাচটিকে নিজেদের শেষ কৌশলগত পরীক্ষা হিসেবে দেখছেন এই স্প্যানিশ কোচ। দূরবর্তী ভাবনার চেয়ে বর্তমানের প্রতিটি মুহূর্তের ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, ফুটবলে ভবিষ্যৎ কখনোই নিশ্চিত নয়। চোট, পরিস্থিতির পরিবর্তন কিংবা অন্যান্য অনাকাঙ্ক্ষিত ঘটনা যেকোনো সময় একজন খেলোয়াড়ের পরিকল্পনায় প্রভাব ফেলতে পারে।
মন্তব্য করুন