তরুণ কণ্ঠ প্রতিবেদন

প্রকাশিত: ১ ঘন্টা আগে, ০৪:২৫ পিএম

অনলাইন সংস্করণ

তিন মাসে ১৭ হাজার কোটি টাকার জ্বালানি তেল আমদানির অনুমোদন করবে সরকার

দেশের জ্বালানি চাহিদা পূরণে জুন থেকে আগস্ট—এই তিন মাসে প্রায় ১৭ হাজার ৩৩ কোটি টাকার জ্বালানি তেল আমদানির অনুমোদন দিয়েছে সরকার। আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্রের মাধ্যমে গ্যাস অয়েল, জেট ফুয়েল, ফার্নেস অয়েল ও গ্যাসোলিন আমদানি করা হবে। বুধবার (১০ জুন) সচিবালয়ে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের অধীন বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) চারটি পৃথক প্যাকেজের আওতায় এসব জ্বালানি তেল আমদানি করবে। অনুমোদিত প্রস্তাব অনুযায়ী, মোট ব্যয়ের পরিমাণ দাঁড়াচ্ছে প্রায় ১৭ হাজার ৩৩ কোটি টাকা।

ক্রয় প্রক্রিয়ায় সবচেয়ে বড় সরবরাহ আদেশ পাচ্ছে ইউনিপেক সিঙ্গাপুর, যার মূল্য প্রায় ৭ হাজার ৬৭৩ কোটি টাকা। এছাড়া ভিটল এশিয়া দুটি প্যাকেজের মাধ্যমে প্রায় ৭ হাজার ৪৬১ কোটি টাকার জ্বালানি তেল সরবরাহ করবে।

সরকারের সংশ্লিষ্ট সূত্র জানায়, বিদ্যুৎ উৎপাদন, শিল্পখাত এবং পরিবহন ব্যবস্থায় জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে নিয়মিত আমদানি কর্মসূচির অংশ হিসেবেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। বিশেষ করে বর্ষা ও পরবর্তী সময়ে চাহিদা বাড়ার সম্ভাবনা বিবেচনায় রেখে আগাম মজুত নিশ্চিত করতে এ ক্রয় অনুমোদন দেওয়া হয়েছে।

সংশ্লিষ্টরা মনে করছেন, নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহ বজায় রাখতে এবং সম্ভাব্য ঘাটতি এড়াতে এ ধরনের পরিকল্পিত আমদানি কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

মন্তব্য করুন