প্রকাশিত: ১ ঘন্টা আগে, ০৪:৪০ পিএম
অনলাইন সংস্করণ
বিশ্বসংগীতের জনপ্রিয় শিল্পী শাকিরা একসময় সংগীতজগত থেকে সরে দাঁড়ানোর কথা ভেবেছিলেন বলে জানিয়েছেন। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি জানান, কয়েক বছর আগে আবেগের বশে তিনি খামার কিনে পশুপাখি নিয়ে শান্ত জীবনযাপনের পরিকল্পনাও করেছিলেন।
হিপস ডোন্ট লাই ও ওয়াকা ওয়াকা (দিস টাইম ফর আফ্রিকা)-এর মতো বিশ্বজুড়ে জনপ্রিয় গানের এই শিল্পী বলেন, “কয়েক বছর আগে আমি সত্যিই ভাবছিলাম—সব ছেড়ে একটি খামার কিনব, প্রাণী লালন করব এবং সংগীত থেকে অবসর নেব।”
তিনি জানান, সেই সময়ের সিদ্ধান্ত ছিল আবেগপ্রবণ এবং বাস্তবতার সঙ্গে পুরোপুরি সামঞ্জস্যপূর্ণ ছিল না। অতীতের সেই ভাবনা স্মরণ করে তিনি বলেন, এখন নিজেই অবাক হন যে, এমন চিন্তাও তার মাথায় এসেছিল।
শাকিরার ভাষ্য, জীবনের একটি পর্যায়ে মানুষ নিজের পেশা ও পরিচয় নিয়ে দ্বিধায় পড়তে পারে। তবে সময়ের সঙ্গে তিনি উপলব্ধি করেন যে সংগীতে তার এখনও অনেক কিছু দেওয়ার আছে এবং সেখানেই তার প্রকৃত জায়গা।
বর্তমানে শাকিরা আবারও বিশ্ব সংগীত অঙ্গনে সক্রিয় রয়েছেন। সম্প্রতি তিনি ফিফা বিশ্বকাপ ২০২৬-এর থিম সং ‘দাই দাই’-এ অংশ নিয়েছেন। এর আগে ২০০৬, ২০১০ ও ২০১৪ সালের বিশ্বকাপেও তিনি সংগীত পরিবেশনের মাধ্যমে যুক্ত ছিলেন।
এছাড়া আগামী ১৯ জুলাই বিশ্বকাপের ফাইনালের বিরতির অনুষ্ঠানে সহ-প্রধান পরিবেশক হিসেবে মঞ্চে ওঠার কথা রয়েছে তার। ধারাবাহিক এই উপস্থিতি প্রমাণ করে, বিশ্বসংগীত ও বিনোদন জগতে তার প্রভাব এখনো দৃঢ় অবস্থানে রয়েছে।
মন্তব্য করুন