নাজমুল হুদা

প্রকাশিত: ১ ঘন্টা আগে, ০৩:৩৫ পিএম

অনলাইন সংস্করণ

বার কাউন্সিলের লিখিত পরীক্ষার প্রথম রিভিউ বাতিল অবৈধ, বাদ পড়াদের ভাইভায় সুযোগের নির্দেশ

ছবি: সংগৃহীত

বার কাউন্সিলে আইনজীবী হিসেবে তালিকাভুক্তির লিখিত পরীক্ষার প্রথম রিভিউ ফল বাতিলের সিদ্ধান্তকে অবৈধ ঘোষণা করেছেন হাইকোর্ট। একই সঙ্গে প্রথম রিভিউ পরীক্ষায় উত্তীর্ণ হলেও দ্বিতীয় রিভিউয়ে বাদ পড়া প্রার্থীদের সরাসরি মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দিতে নির্দেশ দিয়েছেন আদালত। বুধবার (১০ জুন) বিচারপতি খিজির আহমেদ চৌধুরীর নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন।

আদালত এ বিষয়ে জারি করা রুল যথাযথ ঘোষণা করে বলেন, প্রথম রিভিউ ফল বাতিল করে পুনর্মূল্যায়নের যে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল, তা আইনসঙ্গত নয়। ফলে ওই সিদ্ধান্তের ভিত্তিতে দ্বিতীয় রিভিউয়ের মাধ্যমে যেসব প্রার্থী বাদ পড়েছেন, তাদের জন্য নতুন করে সুযোগ সৃষ্টি করতে হবে।

আদালতে পরীক্ষার্থীদের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী ব্যারিস্টার বদরুদ্দোজা বাদল ও ব্যারিস্টার এম আশরাফুল ইসলাম।

মামলার নথি অনুযায়ী, বার কাউন্সিলে আইনজীবী সনদ লাভের লক্ষ্যে অনুষ্ঠিত লিখিত পরীক্ষার গত বছরের ১৮ নভেম্বর প্রকাশিত রিভিউ ফল বাতিলের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে ৬৩২ জন পরীক্ষার্থী হাইকোর্টে রিট আবেদন করেন।

এর আগে গত বছরের ২৪ নভেম্বর বার কাউন্সিল প্রথম রিভিউ ফল বাতিল করে রিভিউ আবেদনকারী প্রত্যেক পরীক্ষার্থীর উত্তরপত্র পুনর্মূল্যায়নের সিদ্ধান্ত নেয়। ওই সিদ্ধান্তের পর দ্বিতীয় দফায় রিভিউ ফল প্রকাশ করা হয় এবং সেখানে উত্তীর্ণদের মৌখিক পরীক্ষা নেওয়া হয়।

তবে আদালতের সর্বশেষ রায়ের ফলে প্রথম রিভিউয়ে উত্তীর্ণ কিন্তু দ্বিতীয় রিভিউয়ে বাদ পড়া প্রার্থীরা এখন সরাসরি মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পাচ্ছেন, যা তাদের পেশাগত ভবিষ্যতের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

মন্তব্য করুন