তরুণ কণ্ঠ প্রতিবেদন

প্রকাশিত: ১৩ মে, ২০২৬, ১১:৩৮ এ এম

অনলাইন সংস্করণ

ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন ছুটি এবার একসাথে শিক্ষাপ্রতিষ্ঠানে আসছে লম্বা ছুটি

ছবি: সংগৃহীত

আসন্ন ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন ছুটি উপলক্ষে দেশের সব স্তরের শিক্ষাপ্রতিষ্ঠানে দীর্ঘ বিরতি শুরু হতে যাচ্ছে। সরকারি শিক্ষাপঞ্জি অনুযায়ী আনুষ্ঠানিক ছুটি ২৪ মে থেকে কার্যকর হলেও, সাপ্তাহিক বন্ধের কারণে অধিকাংশ শিক্ষার্থীই ২২ মে থেকে টানা অবকাশে যেতে পারবে।

শিক্ষাপঞ্জির তথ্য বলছে, সরকারি-বেসরকারি প্রাথমিক বিদ্যালয়, মাধ্যমিক বিদ্যালয়, কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান ও মাদ্রাসাগুলোতে ২৪ মে থেকে ছুটি শুরু হবে। তবে ২২ ও ২৩ মে শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি থাকায় ২১ মে বৃহস্পতিবারই হবে অধিকাংশ প্রতিষ্ঠানের শেষ কর্মদিবস বা শ্রেণিকার্যক্রমের দিন।

প্রাথমিক, মাধ্যমিক ও কারিগরি শিক্ষাবোর্ডের অধীন শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে এই ছুটি চলবে আগামী ৪ জুন পর্যন্ত। এরপর ৫ ও ৬ জুন সাপ্তাহিক বন্ধ কাটিয়ে ৭ জুন রোববার থেকে আবারও পাঠদান শুরু হবে। অর্থাৎ, এই শিক্ষার্থীরা সাপ্তাহিক ছুটিসহ মোট ১৬ দিনের বিরতি পাবে।

অপরদিকে মাদ্রাসা শিক্ষাপঞ্জিতে আরও দীর্ঘ ছুটির ব্যবস্থা রাখা হয়েছে। আলিয়া, দাখিল, আলিম, ফাজিল ও কামিল স্তরের মাদ্রাসাগুলোতে ছুটি ২৪ মে থেকে শুরু হয়ে চলবে ১১ জুন পর্যন্ত। পরবর্তীতে ১২ ও ১৩ জুন সাপ্তাহিক বন্ধ শেষে ১৪ জুন রোববার শ্রেণিকক্ষ খুলবে। ফলে মাদ্রাসার শিক্ষার্থীরা প্রায় ২১ থেকে ২৩ দিনের টানা অবকাশ পাবে।

শিক্ষাপঞ্জি অনুযায়ী, জুনে শিক্ষাপ্রতিষ্ঠান চালুর পর জুলাই মাসে ২৯ তারিখ আষাঢ়ী পূর্ণিমা উপলক্ষে একদিনের ছুটি থাকবে। আগস্টে ৫ তারিখ ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’, ১২ তারিখ আখেরি চাহার সোম্বা এবং ২৬ তারিখ ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে। সেপ্টেম্বরেও শুভ জন্মাষ্টমী ও ফাতেহা-ই-ইয়াজদাহম উপলক্ষে ছুটি নির্ধারিত রয়েছে।

প্রতি বছরের মতো এবারও ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন বিরতিকে কেন্দ্র করে শিক্ষার্থীদের বিশ্রাম, পারিবারিক বন্ধন জোরদার এবং মানসিক প্রশান্তির সুযোগ করে দিতে শিক্ষাপঞ্জিতে এই লম্বা ছুটির পরিকল্পনা রাখা হয়েছে।

মন্তব্য করুন