প্রকাশিত: ৯ ঘন্টা আগে, ০৭:৪২ পিএম
অনলাইন সংস্করণ
হলিউডের গ্ল্যামারাস আলোঝলমলে জীবনের মাঝেও অনেক তারকার সবচেয়ে বড় স্বপ্ন থাকে একটি সুখী পরিবার গড়া। সেই স্বপ্নের কথাই এবার খোলামেলা ভাবে জানিয়েছেন মার্কিন পপ তারকা সেলেনা গোমেজ।
২০২৫ সালে সংগীত প্রযোজক বেনি ব্লাঙ্কো–কে বিয়ে করার পর থেকেই এই জুটি ভক্তদের কাছে ‘ড্রিম কাপল’ হিসেবে পরিচিত। তবে এখনো তাদের একটি বড় ইচ্ছা অপূর্ণ রয়ে গেছে—অভিভাবক হওয়া।
সম্প্রতি বেনি ব্লাঙ্কো ও তার বন্ধু লিল ডিকি পরিচালিত পডকাস্ট ‘Friend Keep Secrets’-এর দ্বিতীয় পর্বে অতিথি হয়ে পারিবারিক পরিকল্পনা নিয়ে কথা বলেন সেলেনা। সেখানে লিল ডিকি ও তার স্ত্রী ক্রিস্টিন বাতালুক্কোর সঙ্গে সন্তানসংখ্যা নিয়ে আলোচনায় অংশ নেন তিনি।
আলোচনায় লিল ডিকি যেখানে সর্বোচ্চ দুই সন্তান চান এবং তার স্ত্রী তিনজন সন্তানের কথা বলেন, সেখানে সেলেনা জানান তার স্বপ্ন আরও বড়। তিনি বলেন, “আমি চারটা সন্তান চাই। যদিও সেটা অনেক বড় স্বপ্ন।”
এই স্বপ্নের পেছনের অনুপ্রেরণার কথাও জানান সেলেনা। তিনি বলেন, ২০০৫ সালের চলচ্চিত্র The Family Stone–এ Diane Keaton–এর একটি দৃশ্য তাকে গভীরভাবে নাড়া দিয়েছিল। সেই দৃশ্যে পুরো পরিবার একসঙ্গে ডিনার টেবিলে বসে আছে—এমন দৃশ্যই ভবিষ্যতে নিজের জীবনে দেখতে চান তিনি।
সেলেনা বলেন, “একদিন যখন আমার বয়স তার মতো হবে, তখন আমি চাই আমার ডিনার টেবিলেও তেমন দৃশ্য দেখতে—সবাই একসঙ্গে বসে আছে।”
সেই স্মৃতি মনে করতে গিয়ে নিজের নানার কথাও মনে পড়ে যায় বলে জানান তিনি। তার ভাষায়, পুরো সিনেমাটিই ছিল “মিষ্টি ও হৃদয়ছোঁয়া, আবার একই সঙ্গে কিছুটা বিষণ্নতাও ছিল।”
তবে নিজের এই স্বপ্ন বাস্তব নাও হতে পারে—সেটিও স্বীকার করেছেন সেলেনা। তিনি বলেন, “শেষ পর্যন্ত যা হওয়ার তাই হবে। যদি আমরা কেবল একজন সন্তান পাই, কিংবা না-ও পাই—তবু ঠিক আছে। আমরা জানি না ভবিষ্যতে কী হবে।”
মজার ছলে তিনি আরও বলেন, “সন্তানরা বড় হওয়ার আগ পর্যন্ত সময়টা হয়তো পুরো পাগলাটে নরকের মতো হতে পারে।”
এর আগেও বহুবার সন্তান নেওয়ার ইচ্ছার কথা জানিয়েছেন এই দম্পতি। বেনি ব্লাঙ্কো বলেছেন, তিনি মামা হিসেবে সময় কাটাতে খুবই উপভোগ করেন এবং একদিন বাবা হওয়ার অভিজ্ঞতাও পেতে চান।
উল্লেখ্য, ২০২৫ সালের ২৭ সেপ্টেম্বর বিয়ে করেন সেলেনা গোমেজ ও বেনি ব্লাঙ্কো। তাদের সেই জাঁকজমকপূর্ণ বিয়েতে উপস্থিত ছিলেন টেলর সুইফট, এড শিরান, মার্ক রনসন সহ আরও অনেক তারকা।
মন্তব্য করুন