মো:আতিক হাসান, বুটেক্স প্রতিনিধি

প্রকাশিত: ৪ ঘন্টা আগে, ১২:৩৯ এ এম

অনলাইন সংস্করণ

বুটেক্স সাংবাদিক সমিতির আয়োজনে মিলনমুখর ইফতার মাহফিল

ছবি: তরুণ কণ্ঠ

বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (বুটেক্সসাস) উদ্যোগে উৎসবমুখর পরিবেশে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৩ মার্চ) বিশ্ববিদ্যালয় অডিটোরিয়ামে এই মাহফিলের আয়োজন করা হয়। ধর্মীয় ভাবগাম্ভীর্য ও পারস্পারিক সৌহার্দ্যের আবহে আয়োজিত এই অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, শিক্ষার্থী এবং টেক্সটাইল খাতের শীর্ষস্থানীয় ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বুটেক্স সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম শাহেদ। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বুটেক্সের উপাচার্য অধ্যাপক ড. মো. জুলহাস উদ্দিন।

আলোচনা সভায় আমন্ত্রিত অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন আইইবি-এর টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ডিভিশনের চেয়ারম্যান প্রকৌশলী মহিউদ্দিন আহমেদ সেলিম, টেক্সটাইল ইঞ্জিনিয়ার্স ফোরামের সভাপতি প্রকৌশলী এ. টি. এম. শামসুদ্দিন খান, আইটিইটি-এর অন্তর্বর্তীকালীন আহ্বায়ক কমিটির সদস্য সচিব প্রকৌশলী মো. এনায়েত হোসেন এবং আইইবি টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের সদস্য প্রকৌশলী মো. মইদুল ইসলাম মঈদ। এছাড়াও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মো. মাহবুবুর রহমান, সাংবাদিক সমিতির উপদেষ্টা অধ্যাপক ড. মো. ফরহাদ হোসেনসহ বিশ্ববিদ্যালয়ের বিশিষ্ট শিক্ষকমণ্ডলী, কর্মকর্তাবৃন্দ ও বুটেক্স সাংবাদিক সমিতির অ্যালামনাই এবং সদস্যবৃন্দ।

বুটেক্সিয়ান সোসাইটির পক্ষে তালহা জুবায়ের বুটেক্সসাস বর্তমান কমিটির উদ্যোগের প্রশংসা করে বলেন,

“আমাদের সময়ে এই সাংবাদিক সমিতি ছিল না। বর্তমানে আপনাদের এই পথচলা সত্যিই প্রশংসার দাবিদার।”

তিনি পবিত্র কুরআন থেকে সত্য ও মিথ্যার পার্থক্য সম্বলিত একটি আয়াত তিলাওয়াত করে উপস্থিত সাংবাদিকদের স্মরণ করিয়ে দিলেন একজন সাংবাদিকের মূল দায়িত্ব হলো সত্যকে মিথ্যা থেকে পৃথক করে নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করা।

টেক্সটাইল ইঞ্জিনিয়ার্স ফোরামের সভাপতি প্রকৌশলী এ. টি. এম. শামসুদ্দিন খান আয়োজকদের অভিনন্দন জানিয়ে বলেন,

“রহমত, মাগফিরাত ও নাজাতের এই পবিত্র মাসে আল্লাহ আমাদের সকল গুনাহ মাফ করে দিন। ছাত্রজীবন থেকেই নিয়ম-শৃঙ্খলার সাথে এমন আয়োজন করার অভ্যাস পেশাজীবনে অনেক কাজে দেয়।”

তিনি উপস্থিত বুটেক্সসাসের সদস্যদের সাংবাদিকতার অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে বিশ্ববিদ্যালয় ও টেক্সটাইল খাতের উন্নয়নে কাজ করার পরামর্শ দেন।

বিশেষ অতিথির বক্তব্যে প্রকৌশলী মহিউদ্দিন আহমেদ সেলিম বস্তুনিষ্ঠ সাংবাদিকতার আহ্বান জানিয়ে বলেন,

“ব্যক্তিগত রাজনৈতিক মতাদর্শ ভিন্ন হতে পারে, কিন্তু দিনের শেষে আমাদের পরিচয় আমরা বুটেক্সিয়ান। সাংবাদিকতার ক্ষেত্রে কোনো প্রকার পক্ষপাতিত্ব না করে নিরপেক্ষভাবে সত্য তুলে ধরতে হবে। দলপ্রীতি পরিহার করে পারস্পরিক সম্প্রীতি বজায় রাখলে আমাদের টেক্সটাইল খাত ও সমাজ উপকৃত হবে।”

প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. মো. জুলহাস উদ্দিন বলেন,

“পবিত্র রমজান মাস আত্মশুদ্ধি, সংযম ও রহমতের মাধ্যমে মানুষকে নৈতিকতা, ধৈর্য ও সহমর্মিতার শিক্ষা দেয় এবং সমাজে শান্তি ও ভ্রাতৃত্ববোধ প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। সাংবাদিক সমিতির সদস্যদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘আপনারা সবসময় সত্যকে লেখনীর মাধ্যমে উপস্থাপন করবেন এবং মিথ্যাকে পরিহার করবেন। সুন্দর এই আয়োজনের জন্য আমি সাংবাদিক সমিতিকে ধন্যবাদ জানাই।’”

অনুষ্ঠানে সাংবাদিক সমিতির প্রতিষ্ঠাকালীন সভাপতি মো. মিকসেতু মিঠুসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য প্রদান করেন। আলোচনা সভা শেষে দেশ ও জাতির কল্যাণ এবং টেক্সটাইল খাতের উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। ইফতার ও মোনাজাতের মাধ্যমে ধর্মীয় ভাবগাম্ভীর্যে অনুষ্ঠানটির সমাপ্তি ঘটে।

মন্তব্য করুন