তরুণ কণ্ঠ অনলাইন

প্রকাশিত: ১৪ ঘন্টা আগে, ০৩:২১ পিএম

অনলাইন সংস্করণ

খামেনি হত্যার খবরে উত্তাল করাচি

দূতাবাসের সামনে বিক্ষোভকারীদের ওপর মার্কিন সেনাদের গুলি, নিহত অন্তত ১০

পাকিস্তানের বন্দরনগরী করাচি-তে অবস্থিত মার্কিন কনস্যুলেটের সামনে বিক্ষোভকারীদের ওপর গুলি চালানোর ঘটনা ঘটেছে। মঙ্গলবার (৩ মার্চ) প্রকাশিত এক প্রতিবেদনে Dawn এ তথ্য জানায়।

প্রতিবেদন অনুযায়ী, ইরানের সর্বোচ্চ নেতা খামেনির নিহত হওয়ার খবর ছড়িয়ে পড়ার পর পাকিস্তানের বিভিন্ন শহরে বিক্ষোভ শুরু হয়। করাচিতে শত শত বিক্ষোভকারী মার্কিন কনস্যুলেটের সামনে সমাবেশ করলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।

নাম প্রকাশে অনিচ্ছুক মার্কিন কর্মকর্তাদের বরাতে জানানো হয়, সংঘর্ষে অন্তত ১০ জন নিহত হয়েছেন। এ সময় কনস্যুলেটের নিরাপত্তায় নিয়োজিত মার্কিন মেরিন সদস্যরা গুলি ছোড়েন। তবে সেই গুলিতে সরাসরি কেউ হতাহত হয়েছেন কি না, তা নিশ্চিত হওয়া যায়নি।

প্রতিবেদনে আরও বলা হয়, বিক্ষোভ চলাকালে স্থানীয় পুলিশ বা বেসরকারি নিরাপত্তাকর্মীরাও গুলি ছুড়তে পারে, যদিও এ বিষয়ে সুনির্দিষ্ট তথ্য এখনো মেলেনি।

ঘটনার পর পাকিস্তানে অবস্থিত মার্কিন দূতাবাস নিরাপত্তা পরিস্থিতি বিবেচনায় সব ভিসা কার্যক্রম সাময়িকভাবে স্থগিত করেছে বলে জানানো হয়েছে।

পরিস্থিতি নিয়ে এখনো আনুষ্ঠানিকভাবে পূর্ণাঙ্গ বিবৃতি দেয়নি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। নিরাপত্তা জোরদার করা হয়েছে কনস্যুলেট এলাকাজুড়ে।

মন্তব্য করুন