প্রকাশিত: ৯ ঘন্টা আগে, ০৭:১৩ পিএম
অনলাইন সংস্করণ
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাগেরহাট-১ (চিতলমারী, ফকিরহাট ও মোল্লাহাট) আসনের ভোট পুনর্গণনার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। বৃহস্পতিবার (৫ মার্চ) বিচারপতি জাকির হোসেনের একক নির্বাচনি ট্রাইব্যুনাল বেঞ্চ এ নির্দেশ দেন।
বিএনপি মনোনীত প্রার্থী কপিল কৃষ্ণ এর করা আবেদনের শুনানির পর এই আদেশ দেওয়া হয়। আদালতে তার পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট গাজী মোস্তাক, সঙ্গে ছিলেন অ্যাডভোকেট হাসানুল আলম, যিনি আদেশের বিষয়টি নিশ্চিত করেন।
গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত নির্বাচনে বাগেরহাট-১ আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী মাওলানা মশিউর রহমান ১ লাখ ১৭ হাজার ৯৬৬ ভোটে জয়লাভ করেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি মনোনীত কপিল কৃষ্ণ পান ১ লাখ ১৪ হাজার ৫৯০ ভোট। ভোটের জন্য এখানে মোট ১৪৭টি কেন্দ্র ছিল।
ভোটের ফলাফল ঘোষণার পর কপিল কৃষ্ণ কিছু কেন্দ্রের ফলাফলে আপত্তি তোলেন এবং নির্বাচন কমিশনের সংশ্লিষ্ট দফতরে অভিযোগ জানান। প্রতিকার না পাওয়ায় তিনি হাইকোর্টের নির্বাচনি ট্রাইব্যুনালে ফলাফল চ্যালেঞ্জ করে আবেদন করেন। আদালত আজ সেই আবেদনের ভিত্তিতে ভোট পুনর্গণনার নির্দেশ দিয়েছেন।
ত্রয়োদশ জাতীয় নির্বাচনে বাগেরহাটের চারটি আসনের মধ্যে তিনটিতে জয় পেয়েছেন জামায়াতের প্রার্থীরা। বাগেরহাট-২ (সদর ও কচুয়া) আসনে জয়ী হয়েছেন শেখ মঞ্জুরুল হক রাহাদ, বাগেরহাট-৪ (মোরেলগঞ্জ-শরণখোলা) আসনে আবদুল আলিম, আর বাগেরহাট-৩ (রামপাল-মোংলা) আসনে বিএনপির শেখ ফরিদুল ইসলাম বিজয়ী হয়েছেন।
মন্তব্য করুন