তরুণ কণ্ঠ অনলাইন

প্রকাশিত: ১১ ঘন্টা আগে, ০৫:২০ পিএম

অনলাইন সংস্করণ

সরকারি চাকরিজীবীদের উচ্চতর গ্রেডে আপিল বিভাগের রায় বহাল

সংগ্রহীত ছবি

সরকারি চাকরিজীবীদের টাইম স্কেল বা সিলেকশন গ্রেড সংক্রান্ত সুবিধা নিয়ে দেওয়া আগের রায় বহাল রেখেছে আপিল বিভাগ। ফলে যারা পূর্বে এসব সুবিধা পেয়েছেন, তারা নতুন পে-স্কেল অনুযায়ী উচ্চতর গ্রেড পাওয়ার সুযোগ পাবেন।

বৃহস্পতিবার (৫ মার্চ) অর্থ মন্ত্রণালয়ের করা রিভিউ আবেদন খারিজ করে এ আদেশ দেন আপিল বিভাগ। প্রধান বিচারপতির নেতৃত্বে চার সদস্যের বেঞ্চ এ সিদ্ধান্ত দেন।

আদালত সূত্রে জানা গেছে, নতুন বেতন কাঠামোর আওতায় উচ্চতর গ্রেড প্রদানের বিষয়ে আগের রায়ের বিরুদ্ধে পুনর্বিবেচনার আবেদন করেছিল অর্থ মন্ত্রণালয়। দীর্ঘ শুনানি শেষে আপিল বিভাগ সেই আবেদন খারিজ করে দেন। ফলে পূর্বে দেওয়া রায়টিই চূড়ান্তভাবে বহাল থাকল।

এর আগে উচ্চ আদালত রায়ে বলেছিলেন, যারা পূর্ববর্তী বিধি অনুযায়ী টাইম স্কেল বা সিলেকশন গ্রেড ভোগ করেছেন, তারা নতুন পে-স্কেলেও উচ্চতর গ্রেডের সুবিধা পাবেন। এই সুবিধা কার্যকরের দাবিতে দীর্ঘদিন ধরে সরকারি চাকরিজীবীদের মধ্যে আলোচনা চলছিল।

আপিল বিভাগের সর্বশেষ সিদ্ধান্তে ওই সুবিধা পাওয়ার ক্ষেত্রে আর কোনো আইনি বাধা রইল না বলে সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে।

মন্তব্য করুন