প্রকাশিত: ১৪ ঘন্টা আগে, ০২:৪৩ পিএম
অনলাইন সংস্করণ
চীনের বিপক্ষে পরাজয় দিয়ে নারী এশিয়ান কাপের মঞ্চে যাত্রা শুরু করলেও আত্মবিশ্বাস হারাচ্ছে না বাংলাদেশ। শক্তিশালী প্রতিপক্ষের বিরুদ্ধে লড়াই করে ২–০ গোলে হারলেও আরও কঠিন পরীক্ষার অপেক্ষা করছে বাঘিনীদের সামনে। পরবর্তী ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ উত্তর কোরিয়া, যাদের বিপক্ষে লড়তে প্রস্তুত থাকার কথা জানালেন কোচ পিটার বাটলার।
শুক্রবার (৬ মার্চ) অনুষ্ঠিত হতে যাওয়া ম্যাচটির আগে সংবাদ সম্মেলনে কথা বলেন বাংলাদেশ দলের কোচ। তিনি জানান, শক্তিশালী প্রতিপক্ষকে মোকাবিলার জন্য দল একটি নির্দিষ্ট পরিকল্পনা নিয়ে মাঠে নামবে।
বাটলার বলেন,
'আমাদের একটি গেম প্ল্যান আছে এবং আমার মনে হয় আমাদের পরিকল্পনাটি বেশ কার্যকর হবে। আই হ্যাভ আ প্ল্যান। দিনের শেষে আমরা শুধু বসে থেকে বিপক্ষ দলের আক্রমণ দেখব না। যদি আমরা গোল খাই-ও, সেটা হতেই পারে। কিন্তু আমি চাই আমাদের দল শুধু রক্ষণাত্মক না হয়ে সমানতালে খেলুক।'
নারী এশিয়ান কাপে বাংলাদেশের গ্রুপে সবচেয়ে শক্তিশালী দল হিসেবে ধরা হচ্ছে উত্তর কোরিয়াকে। ফিফা র্যাংকিংয়ে দলটির অবস্থান নবম, যেখানে বাংলাদেশের অবস্থান ১১২তম। তবে এই ব্যবধানকে খুব একটা গুরুত্ব দিচ্ছেন না বাটলার। তার মতে, প্রতিপক্ষের শক্তি যতই বেশি হোক, নিজেদের স্বাভাবিক খেলাই মাঠে দেখাতে চায় বাংলাদেশ।
সিডনির কমনওয়েলথ ব্যাংক স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ম্যাচটি। বাংলাদেশ সময় সকাল ৮টায় শুরু হবে উত্তর কোরিয়ার বিপক্ষে এই লড়াই।
মন্তব্য করুন