প্রকাশিত: ১১ ঘন্টা আগে, ০৫:১০ পিএম
অনলাইন সংস্করণ
আসন্ন ঈদুল ফিতরকে সামনে রেখে রাজধানী ঢাকা থেকে প্রায় দেড় কোটি মানুষের নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করতে ব্যাপক প্রস্তুতি নিয়েছে সরকার। বৃহস্পতিবার (৫ মার্চ) সচিবালয়ে ঈদযাত্রা নিয়ে আয়োজিত এক আন্তঃমন্ত্রণালয় বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান সড়ক পরিবহন, রেল ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম।
মন্ত্রী বলেন, স্বল্প সময়ের মধ্যে বিপুলসংখ্যক মানুষের স্থানান্তর বড় চ্যালেঞ্জ হলেও অতীত অভিজ্ঞতার ভিত্তিতে এবার আরও সমন্বিত ও সুশৃঙ্খল ব্যবস্থাপনার পরিকল্পনা নেওয়া হয়েছে।
ঈদযাত্রায় সড়কে চাঁদাবাজি ঠেকাতে কঠোর অবস্থানের কথা জানিয়ে তিনি বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, হাইওয়ে পুলিশ ও স্থানীয় প্রশাসন এ বিষয়ে তৎপর থাকবে। পরিবহন মালিক ও শ্রমিক নেতাদেরও অনৈতিক সুবিধা গ্রহণ থেকে বিরত থাকার আহ্বান জানান মন্ত্রী। তিনি সতর্ক করে বলেন, সমিতির নির্ধারিত ফি ছাড়া অন্য কোনো অবৈধ অর্থ আদায় করলে তাৎক্ষণিক কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
অতিরিক্ত ভাড়া আদায়ের বিরুদ্ধেও কড়া বার্তা দেন শেখ রবিউল আলম। তিনি বলেন, সরকার নির্ধারিত ভাড়ার বাইরে এক টাকাও বেশি নেওয়া যাবে না। বিশেষ করে এসি বাসে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ প্রমাণিত হলে সংশ্লিষ্ট পরিবহনের রুট পারমিট বাতিলসহ আইনি ব্যবস্থা নেওয়া হবে।
যানজট কমাতে পোশাক কারখানার ছুটি ধাপে ধাপে দেওয়ার সিদ্ধান্ত হয়েছে বলেও জানান তিনি। ১৬ মার্চ থেকে পর্যায়ক্রমে বিভিন্ন এলাকায় গার্মেন্টস কারখানার ছুটি কার্যকর করা হবে। পাশাপাশি মহাসড়কে অস্থায়ী দোকানপাট, অবৈধ পার্কিং ও থ্রি-হুইলার চলাচল নিয়ন্ত্রণে কাজ করবে হাইওয়ে পুলিশ ও স্থানীয় প্রশাসন। ঈদের আগে ও পরে কয়েক দিন পচনশীল ও নিত্যপ্রয়োজনীয় পণ্য ছাড়া ভারী ট্রাক ও লরি চলাচলও সীমিত রাখা হবে।
সড়কের অবকাঠামোগত প্রস্তুতির বিষয়ে মন্ত্রী জানান, ঢাকার প্রবেশপথসহ মহাসড়কের ক্ষতিগ্রস্ত অংশগুলো ঈদের অন্তত ১০ দিন আগে মেরামত শেষ করতে প্রকৌশলীদের নির্দেশ দেওয়া হয়েছে। টোল প্লাজায় যানজট কমাতে আগাম টিকিট ব্যবস্থা চালুর প্রস্তাবও বিবেচনায় রয়েছে।
এ ছাড়া নৌপথে সদরঘাটের চাপ কমাতে বসিলা ও কাঞ্চনঘাটে দুটি অস্থায়ী স্টেশন চালু করা হয়েছে। গার্মেন্টস শ্রমিকদের যাতায়াত সহজ করতে বিআরটিসির বিশেষ বাস প্রস্তুত রাখা হবে এবং যাত্রী হয়রানি ঠেকাতে বাস টার্মিনাল ও মহাসড়কে মোবাইল কোর্টের তৎপরতা বাড়ানো হয়েছে।
রেলপথে যানজট এড়াতে লেভেল ক্রসিংগুলোর সময় ব্যবস্থাপনা উন্নত করার নির্দেশনাও দেওয়া হয়েছে বলে জানান মন্ত্রী।
মন্তব্য করুন