তরুণ কণ্ঠ প্রতিবেদন

প্রকাশিত: ১৭ ঘন্টা আগে, ১১:১৭ এ এম

অনলাইন সংস্করণ

ইকরার মৃত্যুকে ঘিরে বিতর্ক: ৪৪টি চ্যাট স্ক্রিনশট প্রকাশ করে বক্তব্য দিলেন তিথি

অভিনয়শিল্পী যাহের আলভী-র স্ত্রী আফরা ইভনাথ খান ইকরা-র অপমৃত্যুকে ঘিরে চলমান বিতর্কের মধ্যে নিজের অবস্থান ব্যাখ্যা করেছেন অভিনেত্রী ইফফাত আরা তিথি। বুধবার বিকেলে ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি ইকরার সঙ্গে ব্যক্তিগত কথোপকথনের ৪৪টি স্ক্রিনশট প্রকাশ করেন।

ইকরার মৃত্যুকে কেন্দ্র করে ইতোমধ্যে বিনোদন অঙ্গনে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। ইকরার পরিবার দাবি করেছে, আলভীর সঙ্গে সহকর্মী তিথির সম্পর্কের কারণে মানসিকভাবে ভেঙে পড়েছিলেন ইকরা। এ ঘটনায় ইকরার বাবা কবির হায়াত খান রাজধানীর পল্লবী থানা-য় একটি মামলা দায়ের করেছেন।

সম্প্রতি একটি নাটকের শুটিংয়ে অংশ নিতে আলভী ও তিথি নেপালে যান। ২৭ ফেব্রুয়ারি ছিল তিথির জন্মদিন। এ সময় বিনোদন অঙ্গনে গুঞ্জন ছড়ায়, তিথির জন্মদিন উদ্‌যাপন উপলক্ষেই নেপালে শুটিংয়ের আয়োজন করা হয়েছিল। তবে এই অভিযোগ অস্বীকার করেছেন আলভী। এর পরদিন, ২৮ ফেব্রুয়ারি ইকরা মারা যান। এরপর থেকেই আলভী ও তিথির সম্পর্ক নিয়ে আলোচনা আরও তীব্র হয়।

ফেসবুক পোস্টে তিথি জানান, শুরুতে তিনি ব্যক্তিগত চ্যাট প্রকাশ করতে চাননি। তবে নিজের বিরুদ্ধে ওঠা অভিযোগ ও হয়রানির কারণে বাধ্য হয়ে তা প্রকাশ করেছেন। তিনি বলেন, প্রশাসনের প্রয়োজন হলে সেখানেও এসব তথ্য দেওয়া হবে।

দীর্ঘ পোস্টে তিথি দাবি করেন, আলভীর সঙ্গে তাঁর সম্পর্ক নিয়ে যেসব অভিযোগ উঠেছে, সেগুলো ‘ভুল ব্যাখ্যা’ ও ‘অপপ্রচার’। ইকরার সঙ্গে তাঁর সম্পর্ক বন্ধুত্বপূর্ণ ছিল এবং তাদের মধ্যে নিয়মিত যোগাযোগ ছিল বলেও উল্লেখ করেন তিনি। তিথির দাবি, পারিবারিক অশান্তি ও ব্যক্তিগত হতাশার বিষয়েও ইকরা তাঁর সঙ্গে কথা বলতেন।

স্ক্রিনশট প্রকাশ করে তিথি বলেন, ইকরার সংসার ভাঙার কোনো ইচ্ছা তাঁর ছিল না। বরং তিনি ইকরাকে কাজের মধ্যে সক্রিয় থাকতে এবং নিজের পায়ে দাঁড়ানোর জন্য উৎসাহ দিয়েছেন।

তিথি আরও বলেন, তিনি কখনো ইকরাকে ডিভোর্স দেওয়ার পরামর্শ দেননি বা আলভীকে বিয়ে করার কথা বলেননি। তাঁর ভাষায়, তিনি বরং ইকরাকে বলেছেন—“তুমি তার কুইন।”

ইকরাকে আত্মহত্যায় প্ররোচনার অভিযোগও সরাসরি অস্বীকার করেন তিথি। তাঁর দাবি, ইকরা একাধিকবার বিদেশে যাওয়ার কথা বললেও তিনি সবসময় তাকে সংসার টিকিয়ে রাখার পরামর্শ দিয়েছেন।

পোস্টে ইকরার পারিবারিক সম্পর্ক নিয়েও কিছু মন্তব্য করেন তিথি। তাঁর দাবি, ইকরা নিজেই পরিবার নিয়ে মানসিক কষ্টের কথা তাঁকে জানিয়েছিলেন এবং ২০১৮ সালে একবার আলাদা হয়ে যাওয়ার প্রসঙ্গও উল্লেখ করেছিলেন।

ফেসবুক পোস্টের শেষদিকে তিথি বলেন, তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগের বিষয়ে প্রয়োজন হলে সংশ্লিষ্ট সংগঠনগুলো তদন্ত করতে পারে। একই সঙ্গে তিনি ইকরার আত্মার মাগফিরাত কামনা করেন।

মন্তব্য করুন