প্রকাশিত: ১২ মে, ২০২৬, ১২:১৭ পিএম
অনলাইন সংস্করণ
দেশে বর্তমানে শতাধিক বিশ্ববিদ্যালয় স্থাপিত হলেও উচ্চশিক্ষার গুণগত মান নিয়ে গভীর অনিশ্চয়তার কথা স্বীকার করেছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন। মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) এক কর্মশালায় তিনি মন্তব্য করেন, পরিমাণগত অগ্রগতি হলেও মানের বিচারে প্রকৃত অর্জন নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে প্রথমবারের মতো ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসেন প্রধানমন্ত্রী তারেক রহমান। 'বাংলাদেশে উচ্চ শিক্ষা রূপান্তর: টেকসই উৎকর্ষতার রোডম্যাপ' শীর্ষক এই কর্মশালার বিস্তারিত তুলে ধরেন ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক মামুন আহমেদ।
শিক্ষামন্ত্রী আরও বলেন, ‘আমরা কোয়ান্টিটিতে অনেক এগিয়ে গেছি। কোয়ালিটিতে কতটুুকু পেরেছি, আমরা জানি না।’
শিক্ষাব্যবস্থার বর্তমান চিত্র তুলে ধরে তিনি বলেন, একসময় বিদেশি শিক্ষক ও শিক্ষার্থীদের আনাগোনা থাকলেও এখন সেই ধারা আর নেই। বর্তমানে দেশে ১১৬টি বেসরকারি বিশ্ববিদ্যালয় ও উন্মুক্ত বিশ্ববিদ্যালয় চালু রয়েছে, আর সরকারি বিশ্ববিদ্যালয়ের সংখ্যা দাঁড়িয়েছে ৫৭-এ। এই বিপুল পরিমাণ শিক্ষাপ্রতিষ্ঠান থাকা সত্ত্বেও তিনি ‘প্রয়োজনভিত্তিক শিক্ষা’ নিয়ে নতুন করে ভাবার ওপর জোর দিয়ে বলেন, পুরো শিক্ষাব্যবস্থাকে ঢেলে সাজানোর সময় এসেছে।
মন্তব্য করুন