প্রকাশিত: ৯ জুন, ২০২৬, ০৯:৪৩ এ এম
অনলাইন সংস্করণ
২০২৬ বিশ্বকাপের চূড়ান্ত পর্বে দায়িত্ব পাওয়ার দৌড়ে থাকা সোমালিয়ার রেফারি ওমর আরতান যুক্তরাষ্ট্রে প্রবেশের অনুমতি না পাওয়ায় অফিশিয়ালদের তালিকা থেকে বাদ পড়েছেন। মায়ামি আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে ফিরিয়ে দেওয়া হয় বলে জানিয়েছে ফিফা। বর্তমানে তিনি তুরস্কে অবস্থান করছেন।
৩৪ বছর বয়সী আরতান আফ্রিকার অন্যতম অভিজ্ঞ রেফারি হিসেবে পরিচিত। ২০১৮ সালে ফিফার আন্তর্জাতিক রেফারিদের তালিকায় অন্তর্ভুক্ত হওয়ার পর তিনি ধারাবাহিকভাবে গুরুত্বপূর্ণ ম্যাচ পরিচালনা করে আসছিলেন। ২০২৫ সালে আফ্রিকান ফুটবল কনফেডারেশনের বর্ষসেরা পুরুষ রেফারি নির্বাচিত হওয়ার পাশাপাশি আফ্রিকান চ্যাম্পিয়নস লিগের ফাইনাল ম্যাচ পরিচালনা করেন। চলতি বছর একই প্রতিযোগিতার ফাইনালে তিনি রেফারিং কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন এবং কর্মকর্তাদের দলের নেতৃত্বও দেন।
যুক্তরাষ্ট্রের অভিবাসন কর্তৃপক্ষ এখনো তার প্রবেশে বাধা দেওয়ার কারণ আনুষ্ঠানিকভাবে জানায়নি। তবে সোমালিয়া যুক্তরাষ্ট্রের ভ্রমণ নিষেধাজ্ঞার তালিকাভুক্ত দেশগুলোর একটি হওয়ায় বিষয়টি সেই প্রেক্ষাপটেই দেখা হচ্ছে। এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা শেষে ফিফা নিশ্চিত করেছে, আরতান এবার বিশ্বকাপে দায়িত্ব পালন করতে পারবেন না।
ফিফার এক বিবৃতিতে বলা হয়েছে, ‘যুক্তরাষ্ট্রে প্রবেশের অনুমতি না পাওয়ায় ম্যাচ কর্মকর্তা ওমর আবদুলকাদির আরতান ২০২৬ বিশ্বকাপে প্রশিক্ষণ ও ম্যাচ পরিচালনার দায়িত্ব পালন করতে পারবেন না। আয়োজক দেশের অভিবাসন–সংক্রান্ত প্রক্রিয়া, ভিসা অনুমোদন বা প্রত্যাখ্যানের বিষয়ে ফিফার কোনো ভূমিকা নেই। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আমাদের জানিয়েছে, আপাতত আরতানের অবস্থার কোনো পরিবর্তন হচ্ছে না।’
বিবৃতিতে আরও বলা হয়, ‘ফিফার আগের আসরগুলোর মতো এবারও কোনো ব্যক্তি ভিসা পাবেন কি না এবং তাঁকে দেশে প্রবেশের অনুমতি দেওয়া হবে কি না, সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা আয়োজক দেশের সরকারের হাতেই আছে।’
সোমালিয়ার যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের এক জ্যেষ্ঠ উপদেষ্টা নিশ্চিত করেছেন, বৈধ ভ্রমণ নথিপত্র থাকা সত্ত্বেও আরতানকে যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে দেওয়া হয়নি। এর আগে ভিসা জটিলতা এড়াতে তার জন্য বিশেষভাবে কূটনৈতিক পাসপোর্টও ইস্যু করা হয়েছিল বলে জানিয়েছেন কেনিয়ার নাইরোবিতে অবস্থিত সোমালি দূতাবাসের এক কর্মকর্তা।
ঘটনার ব্যাখ্যা জানতে সোমালি ফুটবল ফেডারেশন ইতোমধ্যে ফিফার সঙ্গে যোগাযোগ করেছে এবং জরুরি ব্যাখ্যা চেয়েছে।
এদিকে বিশ্বকাপবিষয়ক হোয়াইট হাউস টাস্কফোর্সের প্রধান আন্ড্রু গিওলিয়ানি বলেন, ‘এ বিষয়ে নেতিবাচক বা গোপন তথ্য নিয়ে আমি বিস্তারিত বলতে পারব না। তবে আমি বলতে পারি, কাস্টমস অ্যান্ড বর্ডার প্রোটেকশনের সিদ্ধান্তটি সঠিক ছিল এবং আমি সেই সিদ্ধান্তকে সমর্থন করি।’
বার্তা সংস্থা এএফপিকে দেওয়া প্রতিক্রিয়ায় আরতান বলেছেন, ‘যে পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছি, তা সত্ত্বেও আমি ইতিবাচক আছি এবং আমার রেফারিং ক্যারিয়ারের পরবর্তী চ্যালেঞ্জগুলোর দিকেই মনোযোগ দিচ্ছি।’
তিনি আরও বলেন, ‘আমাকে সমর্থন ও শুভকামনা জানিয়ে বার্তা পাঠানো ফুটবল পরিবারের সবাইকে ধন্যবাদ। বিশ্বকাপে দায়িত্ব পালন করতে যাওয়া আমার সহকর্মীদের জন্য শুভকামনা রইল। ভবিষ্যতের কোনো প্রতিযোগিতায় আবার তাঁদের সঙ্গে কাজ করার অপেক্ষায় থাকলাম।’
উল্লেখ্য, ২০২৬ বিশ্বকাপ ১১ জুন থেকে ১৯ জুলাই পর্যন্ত কানাডা, মেক্সিকো ও যুক্তরাষ্ট্রে যৌথভাবে অনুষ্ঠিত হবে। আরতান ছিলেন সেই আসরের জন্য বাছাই করা ৫২ জন রেফারির একজন।
মন্তব্য করুন