তরুণ কণ্ঠ প্রতিবেদন

প্রকাশিত: ১৪ জুন, ২০২৬, ০৭:১২ পিএম

অনলাইন সংস্করণ

দুবাইয়ে গ্রেফতার সাবেক আইজিপি বেনজীরের কাছে পাওয়া গেলো একাধিক দেশের পাসপোর্ট

ছবি: সংগৃহীত

দুবাইয়ে গ্রেফতার হওয়া পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদের কাছে একাধিক দেশের পাসপোর্ট পাওয়া গেছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র। তার কাছে বাংলাদেশের পাশাপাশি পর্তুগালের পাসপোর্ট এবং সংযুক্ত আরব আমিরাতে বসবাসের অনুমতিপত্র রয়েছে।

রোববার (১৪ জুন) দুবাইভিত্তিক একটি সূত্র এ তথ্য জানায়। এর আগে দুদকের একটি মামলায় বেনজীর আহমেদের গ্রেফতারের বিষয়টি বাংলাদেশ পুলিশের একাধিক দায়িত্বশীল কর্মকর্তা নিশ্চিত করেন।

জানা গেছে, ২০২৫ সালের ফেব্রুয়ারিতে দুর্নীতি দমন কমিশনের মামলার ভিত্তিতে ইন্টারপোলের মাধ্যমে বেনজীর আহমেদের বিরুদ্ধে রেড নোটিশ জারি করা হয়। সেই পরোয়ানার ভিত্তিতেই গত ১২ জুন দুবাইয়ে পৌঁছানোর পর তাকে গ্রেফতার করা হয়।

দুবাই সূত্র জানায়, বর্তমানে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এ বিষয়ে আনুষ্ঠানিক বক্তব্য না দিলেও পুলিশ সদর দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা অনানুষ্ঠানিকভাবে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।

নাম প্রকাশ না করার শর্তে এক পুলিশ কর্মকর্তা জানান, দুবাই ইন্টারপোল থেকে বাংলাদেশ পুলিশকে পাঠানো এক চিঠিতে গ্রেফতারের বিষয়টি জানানো হয়েছে। অন্য এক কর্মকর্তা বলেন, ইন্টারপোলের গ্রেফতারি পরোয়ানার ভিত্তিতেই দুবাই পুলিশ তাকে আটক করে।

পুলিশ সূত্র আরও জানায়, বেনজীর আহমেদের গ্রেফতারের বিষয়টি স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে অবহিত করা হয়েছে এবং তাকে দেশে ফিরিয়ে আনতে প্রয়োজনীয় প্রক্রিয়া শুরু করা হবে।

মন্তব্য করুন