তরুণ কণ্ঠ প্রতিবেদন

প্রকাশিত: ১ ঘন্টা আগে, ০৭:২৬ পিএম

অনলাইন সংস্করণ

দেশে এক মাসে ৬৭৬ দুর্ঘটনায় ৬৭১ জনের মৃত্যু, মোটরসাইকেল দুর্ঘটনায় সর্বাধিক প্রাণহানি

ছবি: সংগৃহীত

মে মাসে দেশে সড়ক দুর্ঘটনায় ৬১৩টি ঘটনায় ৬২২ জন নিহত এবং ১ হাজার ৬৫২ জন আহত হয়েছেন বলে জানিয়েছে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি। একই সময়ে রেলপথে ৪২টি দুর্ঘটনায় ৩৪ জন নিহত এবং ২৯ জন আহত হন।

শনিবার (১৩ জুন) সংগঠনের মহাসচিব মো. মোজাম্মেল হক চৌধুরী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, নৌপথে ২১টি দুর্ঘটনায় ১৫ জন নিহত, ১৫ জন আহত এবং ৭ জন নিখোঁজ রয়েছেন।

সব মিলিয়ে সড়ক, রেল ও নৌপথে মে মাসে মোট ৬৭৬টি দুর্ঘটনায় ৬৭১ জন নিহত এবং ১ হাজার ৬৯৬ জন আহত হয়েছেন। এর মধ্যে ২২১টি মোটরসাইকেল দুর্ঘটনায় ২৩১ জন নিহত এবং ২১৯ জন আহত হয়েছেন, যা মোট দুর্ঘটনার একটি বড় অংশ।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের মধ্যে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ রয়েছেন। নিহতদের মধ্যে চালক, পথচারী, পরিবহন শ্রমিক, শিক্ষার্থী, নারী ও শিশু ছাড়াও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য, চিকিৎসক, সাংবাদিক, আইনজীবী এবং রাজনৈতিক দলের নেতাকর্মীরাও রয়েছেন।

এ সময় ৯৭৫টি দুর্ঘটনাকবলিত যানবাহনের তথ্য বিশ্লেষণ করে দেখা যায়, মোটরসাইকেল, ট্রাক-পিকআপ-কাভার্ডভ্যান, বাস, ব্যাটারিচালিত রিকশা ও ইজিবাইক, সিএনজিচালিত অটোরিকশাসহ বিভিন্ন যানবাহন দুর্ঘটনায় বেশি জড়িত ছিল।

দুর্ঘটনার ধরন বিশ্লেষণে দেখা যায়, ৪২.০৮ শতাংশ দুর্ঘটনা মুখোমুখি সংঘর্ষে, ৩২.৩০ শতাংশ গাড়ি চাপা বা ধাক্কায় এবং ১৮.৯২ শতাংশ নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে ঘটে। এছাড়া রেল-যানবাহন সংঘর্ষসহ অন্যান্য কারণেও দুর্ঘটনা ঘটে।

ভৌগোলিক বিশ্লেষণে জানা যায়, সবচেয়ে বেশি সড়ক দুর্ঘটনা ঘটেছে ঢাকা বিভাগে এবং সবচেয়ে কম ময়মনসিংহ বিভাগে। পাশাপাশি জাতীয় মহাসড়কে ৪৪.৬৯ শতাংশ, আঞ্চলিক মহাসড়কে ৩০.৬৬ শতাংশ এবং ফিডার রোডে ১৮.১০ শতাংশ দুর্ঘটনা সংঘটিত হয়েছে।

মন্তব্য করুন