প্রকাশিত: ১ ঘন্টা আগে, ০৫:৫৪ পিএম
অনলাইন সংস্করণ
প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান শনিবার (১৩ জুন) কক্সবাজারের চকরিয়ার মালুমঘাট সংরক্ষিত বনাঞ্চলে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেছেন। গাছের চারা রোপণের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে শুরু হওয়া এ কর্মসূচি আগামী পাঁচ বছরে বাস্তবায়িত হবে, যার লক্ষ্য পরিবেশ সংরক্ষণ এবং কর্মসংস্থান সৃষ্টি।
উদ্বোধনী অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদসহ প্রধানমন্ত্রীর সফরসঙ্গীরা উপস্থিত ছিলেন। এর আগে তিনি কক্সবাজার বিমানবন্দরে পৌঁছে নিজেই গাড়ি চালিয়ে বিভিন্ন কর্মসূচির স্থানে যান। গাড়িতে তার স্ত্রী ডা. জুবাইদা রহমান এবং স্বরাষ্ট্রমন্ত্রীর স্ত্রী হাসিনা আহমদও উপস্থিত ছিলেন।
সরকারি সূত্র জানায়, পাঁচ বছর মেয়াদি এই কর্মসূচির আওতায় দেশের বিভিন্ন অঞ্চলে মোট ২৫ কোটি গাছের চারা রোপণ করা হবে। এর মাধ্যমে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে প্রায় সাড়ে তিন লাখ মানুষের কর্মসংস্থান সৃষ্টি হবে বলে আশা করা হচ্ছে।
২০২৬-২৭ অর্থবছরের পরিকল্পনা অনুযায়ী, ২৫ হাজার ৯৬০ হেক্টর ব্লক বাগানে ৪ কোটি ২৮ লাখ ৯৭ হাজার চারা, ৩ হাজার ৭২৭ কিলোমিটার স্ট্রিপ বাগানে ৩৭ লাখ ২৭ হাজার চারা এবং ৪ হাজার হেক্টর ম্যানগ্রোভ বাগানে ১ কোটি ৭৭ লাখ ৭৬ হাজার চারা রোপণের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। পাশাপাশি বসতবাড়ি বনায়নের জন্য আরও ৫৬ লাখ চারা বিতরণ ও রোপণের পরিকল্পনা রয়েছে।
সকাল ১০টার দিকে ইউএস-বাংলা এয়ারলাইন্সের একটি ফ্লাইটে কক্সবাজার বিমানবন্দরে পৌঁছে প্রধানমন্ত্রী সদর উপজেলার পিএমখালী এলাকায় যান এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃতিবিজড়িত পাতলী খালের পুনঃখনন কাজের উদ্বোধন করেন।
দিনব্যাপী সফরে তিনি পেকুয়া পৌরসভা ও মাতামুহুরী উপজেলায় বিভিন্ন উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন, জনসভা এবং সুধী সমাবেশে অংশ নেওয়ার কথা রয়েছে।
মন্তব্য করুন