তরুণ কণ্ঠ প্রতিবেদন

প্রকাশিত: ১ ঘন্টা আগে, ০৫:৪৯ পিএম

অনলাইন সংস্করণ

চট্টগ্রামের পাহাড়তলী মোড়ে দিনদুপুরে যুবদল নেতাকে গুলি করে হত্যা

ছবি: সংগৃহীত

চট্টগ্রামের রাউজান উপজেলায় প্রকাশ্য দিবালোকে গুলি করে হত্যা করা হয়েছে যুবদল নেতা মাসুদুল হক চৌধুরীকে। শনিবার (১৩ জুন) দুপুর দেড়টার দিকে উপজেলার পাহাড়তলী মোড় এলাকায় এ ঘটনা ঘটে। নিহত মাসুদুল হক (৪৫) রাঙ্গুনিয়া উপজেলার বেতাগী ইউনিয়নের বাসিন্দা এবং উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, পাহাড়তলী মোড় এলাকায় অবস্থানকালে দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে মাথায় গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। হামলার পরপরই জড়িতরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। নিহত মাসুদুল হক বেতাগী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শফিউল আলম স্বপনের ছোট ভাই।

রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। হত্যার কারণ ও জড়িতদের পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি। সুরতহাল প্রতিবেদন শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে এবং বিষয়টি তদন্তাধীন রয়েছে।

হত্যাকাণ্ডের খবর ছড়িয়ে পড়ার পর পাহাড়তলী ও রাঙ্গুনিয়ার ইছাখালী এলাকায় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা বিক্ষোভে নামেন। তারা টায়ার জ্বালিয়ে চট্টগ্রাম-কাপ্তাই সড়ক অবরোধ করেন এবং হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

সড়ক অবরোধের ফলে চট্টগ্রাম-কাপ্তাই সড়কে যান চলাচল সাময়িকভাবে বন্ধ হয়ে যায়। এতে সড়কের দুই পাশে দীর্ঘ যানজট সৃষ্টি হয় এবং যাত্রীদের দুর্ভোগে পড়তে হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে মোতায়েন রয়েছেন। হত্যাকাণ্ডের পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে বলে স্থানীয়রা জানিয়েছেন।

মন্তব্য করুন