প্রকাশিত: ১ ঘন্টা আগে, ০৭:৫৫ পিএম
অনলাইন সংস্করণ
বাংলাদেশকে দক্ষিণ এশিয়ার সবচেয়ে প্রতিযোগিতামূলক বিনিয়োগ গন্তব্যে পরিণত করার অঙ্গীকার ব্যক্ত করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। তিনি বলেছেন, বৈশ্বিক অর্থনৈতিক অনিশ্চয়তা, বাণিজ্য উত্তেজনা, জ্বালানি সংকট ও জলবায়ু ঝুঁকির মধ্যেও সরকার দেশকে স্থিতিশীল, পূর্বানুমানযোগ্য এবং বিনিয়োগবান্ধব অর্থনীতিতে রূপান্তরের লক্ষ্য নিয়ে কাজ করছে।
শনিবার (১৩ জুন) রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে আয়োজিত ‘রোডম্যাপ ফর ট্রেড, গ্রোথ অ্যান্ড ইকোনমিক ডিপ্লোম্যাসি ২০২৬: নেভিগেটিং রিস্কস, লেভারেজিং রেজিলিয়েন্স’ শীর্ষক উচ্চপর্যায়ের সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। পররাষ্ট্র মন্ত্রণালয় ও বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) যৌথভাবে এ সম্মেলনের আয়োজন করে।
অনুষ্ঠানে সরকারি নীতিনির্ধারক, বিদেশি কূটনীতিক, উন্নয়ন অংশীদার, ব্যবসায়ী প্রতিনিধি ও বিশেষজ্ঞরা অংশ নেন। পররাষ্ট্রমন্ত্রী বলেন, বৈশ্বিক প্রবৃদ্ধি ধীরগতির কারণে রপ্তানি বাজারে চাপ বাড়ছে এবং বৈশ্বিক আর্থিক বাজারের অস্থিরতা উন্নয়নশীল দেশগুলোর জন্য সাশ্রয়ী অর্থায়নকে কঠিন করে তুলছে।
তিনি আরও বলেন, জলবায়ু ঝুঁকি ও বৈদেশিক ঋণের সম্পর্ক গভীর হওয়ায় উন্নয়নশীল দেশগুলোকে অতিরিক্ত ব্যয় বহন করতে হচ্ছে, একই সঙ্গে জ্বালানি সংকট উৎপাদন ব্যয় বাড়িয়ে প্রতিযোগিতা সক্ষমতার ওপর চাপ সৃষ্টি করছে।
ড. খলিলুর রহমান জানান, সরকারের প্রধান লক্ষ্য হলো স্থিতিশীলতা, সংস্কার ও অর্থনৈতিক সক্ষমতা বৃদ্ধি। এ লক্ষ্য অর্জনে অর্থনৈতিক কূটনীতিকে নতুনভাবে পুনর্গঠন করা হচ্ছে এবং ব্যবসা সহজীকরণ ও নীতিগত পূর্বানুমানযোগ্যতা নিশ্চিত করতে কাঠামোগত সংস্কার চালানো হচ্ছে বলেও তিনি উল্লেখ করেন।
মন্তব্য করুন