প্রকাশিত: ১ ঘন্টা আগে, ০৭:৩৮ পিএম
অনলাইন সংস্করণ
জাতীয় দলের ক্রিকেটার নাঈম হাসানকে মারধরের অভিযোগে পুলিশের এক উপ-পরিদর্শক (এসআই) ও এক কনস্টেবলসহ দুইজনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। একই সঙ্গে ঘটনাটি তদন্তে তিন সদস্যের একটি কমিটি গঠন করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)।
শনিবার (১৩ জুন) দুপুরে চট্টগ্রামের চান্দগাঁওয়ের ফরিদারপাড়ায় নাঈম হাসানের বাসায় গিয়ে সাংবাদিকদের এ তথ্য জানান সিএমপি কমিশনার হাসান মো. শওকত আলী। তিনি ঘটনাস্থলে গিয়ে ক্রিকেটারের সঙ্গে কথা বলেন এবং ঘটনার বিষয়ে দুঃখ প্রকাশ করেন।
সিএমপি কমিশনার বলেন, অভিযুক্তদের বিরুদ্ধে বিধি অনুযায়ী সর্বোচ্চ ব্যবস্থা নেওয়া হবে। ইতোমধ্যে তাদের সাময়িক বরখাস্ত করা হয়েছে এবং বিভাগীয় মামলার প্রক্রিয়া শুরু হয়েছে। এ ঘটনায় অন্য কেউ জড়িত থাকলে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি জানান।
তিনি আরও বলেন, “কারও ব্যক্তিগত অপরাধের দায় পুলিশ নেবে না। যার দায়, তাকেই নিতে হবে। জড়িতদের বিন্দুমাত্র ছাড় দেওয়া হবে না।”
অভিযোগ অনুযায়ী, শুক্রবার রাতে ঢাকায় প্রিমিয়ার লিগের খেলা শেষে চট্টগ্রামে ফেরার পথে লালখান বাজার এলাকায় সিএনজিচালিত অটোরিকশা থেকে নামিয়ে নাঈম হাসানকে মারধর করা হয়। পরে তাকে থানায় নিয়েও হেনস্তা করা হয়েছে বলে অভিযোগ করেন তিনি।
নাঈম হাসান জানান, বিমানবন্দরে নামার পর তিনি সিএনজিতে করে বাসার দিকে যাচ্ছিলেন। পথে পুলিশ গাড়ি থামিয়ে কাগজপত্র যাচাইয়ের সময় তাকে লাঠি ও পাইপ দিয়ে মারধর করে এবং পরে থানায় নিয়ে যাওয়া হয়। বিসিবি কর্মকর্তাদের হস্তক্ষেপে পরে তাকে ছাড় দেওয়া হয়।
এ ঘটনায় খুলশী থানার এসআই শফিকুল ইসলাম ও কনস্টেবল মো. রাসেল চৌধুরীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। একই সঙ্গে পুলিশের সোর্স সোহেলকে আটক করা হয়েছে বলে জানিয়েছে সিএমপি।
মন্তব্য করুন