তরুণ কণ্ঠ প্রতিবেদন

প্রকাশিত: ১ ঘন্টা আগে, ০৭:৪১ পিএম

অনলাইন সংস্করণ

‘চোখ নামিয়ে কথা বল’, ক্রিকেটার নাঈমকে ওসি

ছবি: সংগৃহীত

জাতীয় দলের ক্রিকেটার নাঈম হাসানকে মারধরের পর থানায় নিয়ে গিয়ে হেনস্তা করার অভিযোগ উঠেছে পুলিশের বিরুদ্ধে। এ সময় খুলশী থানার ওসি আরিফুর রহমান তাকে উদ্দেশ করে বলেন, “চোখ নামিয়ে কথা বল”—এমন অভিযোগও করেছেন নাঈম।

শুক্রবার (১২ জুন) রাত সাড়ে ১১টার দিকে ঢাকায় প্রিমিয়ার লিগ খেলা শেষে চট্টগ্রাম বিমানবন্দর থেকে সিএনজিচালিত অটোরিকশায় বাসায় ফেরার পথে লালখান বাজার ফ্লাইওভার এলাকায় এ ঘটনা ঘটে বলে জানান তিনি।

নাঈম হাসানের অভিযোগ অনুযায়ী, ওই এলাকায় তার সিএনজি থামিয়ে তল্লাশির সময় তাকে মারধর করা হয়। পরে তাকে থানায় নিয়ে যাওয়া হয় এবং সেখানেও হেনস্তা করা হয়। তিনি দাবি করেন, পরিচয় জানানোর পরও তাকে মারধর ও অপমান করা হয়।

তিনি আরও বলেন, তাকে গলা চেপে ধরে পুলিশের গাড়িতে তোলার চেষ্টা করা হয় এবং পাইপ দিয়ে আঘাত করা হয়। ঘটনাস্থলে বিপুল সংখ্যক মানুষ উপস্থিত থাকলেও তাকে মারধর থামানো হয়নি বলে অভিযোগ করেন তিনি।

পরবর্তীতে একটি অটোরিকশায় করে তাকে থানায় নেওয়া হয় এবং ওসির কক্ষে নিয়ে যাওয়া হয়। সেখানে ঘটনার বিস্তারিত জানাতে গেলে ওসি বারবার তাকে “চোখ নামিয়ে কথা বল” বলে নির্দেশ দেন বলে জানান নাঈম। পরে একটি ফোন কল আসার পর পরিস্থিতি কিছুটা শান্ত হয় বলেও তিনি উল্লেখ করেন।

ঘটনার পর নাঈম হাসান বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সভাপতির সঙ্গে যোগাযোগ করেন। পরে বিষয়টি নিয়ে পুলিশ প্রশাসনের সঙ্গে আলোচনা হয় বলে জানা গেছে।

উল্লেখ্য, এ ঘটনায় ইতোমধ্যে পুলিশের এক এসআইসহ দুইজনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে এবং তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

মন্তব্য করুন