তরুণ কণ্ঠ প্রতিবেদন

প্রকাশিত: ১ ঘন্টা আগে, ১০:৪০ এ এম

অনলাইন সংস্করণ

চট্টগ্রামে ‘ডিবি পরিচয়ে’ মারধরের অভিযোগ জাতীয় দলের ক্রিকেটার নাঈম হাসানের উপর

ছবি: সংগৃহীত

জাতীয় ক্রিকেট দলের অফস্পিনার নাঈম হাসান অভিযোগ করেছেন, চট্টগ্রামে ডিবি পরিচয়ধারী কয়েকজন ব্যক্তি তাকে মারধর ও হেনস্তা করেছে। শুক্রবার (১২ জুন) রাত সাড়ে ১১টার দিকে লালখানবাজার ফ্লাইওভার এলাকায় বিমানবন্দর থেকে সিএনজিতে করে বাড়ি ফেরার পথে এ ঘটনা ঘটে।

নাঈম জানান, ঢাকায় প্রিমিয়ার লিগে খেলে চট্টগ্রামে ফেরার সময় তার সিএনজি থামিয়ে তল্লাশি চালানো হয়। এ সময় সাদা পোশাকধারী একজন এবং ইউনিফর্ম পরা দুজন পুলিশ সদস্য তাকে মারধর শুরু করেন। নিজের পরিচয় দেওয়ার পরও হামলা বন্ধ হয়নি। তিনি বলেন, “আমি তাদের বলেছি, প্রয়োজন হলে ব্যাগ চেক করতে পারেন, কিন্তু তারা কোনো কথা না শুনেই মারধর শুরু করে।”

অভিযোগ অনুযায়ী, তাকে গলা চেপে ধরে জোর করে পুলিশের গাড়িতে তোলার চেষ্টা করা হয়। তিনি সেখান থেকে বেরিয়ে আসার চেষ্টা করলে আবারও তাকে মারধর করা হয়। নাঈম দাবি করেন, পাঞ্জাবি পরা এক ব্যক্তি, যিনি নিজের পরিচয় দেননি, পাইপ দিয়ে তাকে আঘাত করেন। ঘটনাস্থলে উপস্থিত শতাধিক মানুষ তার পরিচয় নিশ্চিত করলেও হামলা থামেনি।

পরে তাকে খুলশি থানায় নিয়ে যাওয়া হয়। সেখান থেকে ছাড়া পেয়ে চট্টগ্রামের একটি হাসপাতালে চিকিৎসা নিয়ে বাড়ি ফেরেন তিনি। মোবাইল ফোন ফিরে পাওয়ার পর তিনি বিসিবি সভাপতি তামিম ইকবালের সঙ্গে যোগাযোগ করেন। তামিম বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট থানার ওসি এবং নাঈমের পরিবারের সঙ্গে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন।

ঘটনার পর নাঈম সাধারণ মানুষের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। তিনি বলেন, “আমার জায়গায় যদি সাধারণ কেউ থাকত, তাহলে হয়তো কেউ এগিয়ে আসত না। পুলিশের হাতেই যদি মানুষ নিরাপদ না থাকে, তাহলে সেটা উদ্বেগজনক।”

২৬ বছর বয়সী নাঈম হাসান গত পাঁচ বছর ধরে জাতীয় দলের হয়ে খেলছেন। তিনি আসন্ন জিম্বাবুয়ে সফরের টেস্ট দলেও অন্তর্ভুক্ত রয়েছেন।

মন্তব্য করুন