তরুণ কণ্ঠ প্রতিবেদন

প্রকাশিত: ১ ঘন্টা আগে, ১০:৪৯ এ এম

অনলাইন সংস্করণ

প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে কক্সবাজার বিমানবন্দরে স্বরাষ্ট্রমন্ত্রী

ছবি: সংগৃহীত

পর্যটন নগরী কক্সবাজারে পৌঁছেছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। তাকে স্বাগত জানাতে কক্সবাজার বিমানবন্দরে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদসহ মন্ত্রিসভার একাধিক সদস্য।

শনিবার (১৩ জুন) সকাল সাড়ে ৯টার দিকে স্বরাষ্ট্রমন্ত্রী বিমানবন্দরে পৌঁছান। এরপর পানি সম্পদমন্ত্রী শহিদউদ্দিন চৌধুরী এ্যানী, ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, বেসামরিক বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত, বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম এবং পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলামসহ অন্যান্যরা উপস্থিত হন।

এর আগে সকালে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ইউএস-বাংলা এয়ারলাইন্সের একটি ফ্লাইটে কক্সবাজারের উদ্দেশে রওনা দেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানান, সকাল পৌনে ৯টায় গুলশানের বাসভবন থেকে বিমানবন্দরে পৌঁছান তিনি। এ সময় তার সহধর্মিণী ডা. জুবাইদা রহমানও সঙ্গে ছিলেন।

সফরসূচি অনুযায়ী, কক্সবাজারে পৌঁছে প্রধানমন্ত্রী সরাসরি সদর উপজেলার পিএমখালী এলাকায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের খনন করা ‘পাতলীখাল’ পুনঃখনন কাজের উদ্বোধন করবেন এবং সেখানে একটি সংক্ষিপ্ত পথসভায় বক্তব্য দেবেন।

এরপর দুপুর ১২টায় চকরিয়ার ডুলাহাজারা সাফারি পার্কে বৃক্ষরোপণের মাধ্যমে দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করবেন। একই সফরে তিনি জুলাই গণঅভ্যুত্থান-২৪–এর কক্সবাজারের প্রথম শহীদ ওয়াসিম আকরামের কবর জিয়ারত করবেন এবং শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করবেন।

পরে নবগঠিত পেকুয়া পৌরসভা ও মাতামুহুরী উপজেলার ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন তিনি। বিকেলে চকরিয়া পৌর বাস টার্মিনালে আয়োজিত বিএনপির জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেওয়ার কথা রয়েছে।

দিনব্যাপী কর্মসূচি শেষে কক্সবাজার শহরে একটি সুধী সমাবেশে অংশ নেবেন প্রধানমন্ত্রী। পাশাপাশি মেরিন ড্রাইভ ও সমুদ্র সৈকত পরিদর্শন শেষে রাত ১০টায় ঢাকার উদ্দেশে কক্সবাজার ত্যাগ করার কথা রয়েছে।

মন্তব্য করুন