প্রকাশিত: ২ ঘন্টা আগে, ০৯:৫৪ এ এম
অনলাইন সংস্করণ
পেকুয়া পৌরসভা ও মাতামুহুরি উপজেলার ভিত্তিপ্রস্তর স্থাপন, দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম শহীদ মো. ওয়াসিম আকরামের কবর জিয়ারতসহ দিনভর একগুচ্ছ রাষ্ট্রীয় ও রাজনৈতিক কর্মসূচিতে অংশ নিতে কক্সবাজার সফরে গেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ শনিবার (১৩ জুন) সকাল ৯টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে প্রধানমন্ত্রীকে বহনকারী বিমানটি কক্সবাজারের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করে।
প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, এর আগে সকাল সাড়ে ৮টায় গুলশানের বাসভবন থেকে বিমানবন্দরে পৌঁছান প্রধানমন্ত্রী। এই সফরে প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে তাঁর সহধর্মিনী ডা. জুবাইদা রহমান রয়েছেন।
কক্সবাজার পৌঁছানোর পর সকাল সাড়ে ১০টায় পিএমখালী ইউনিয়নের পাতলী খাল পুনঃখনন কাজের আনুষ্ঠানিক উদ্বোধনের মধ্য দিয়ে প্রধানমন্ত্রী তাঁর সফরসূচি শুরু করবেন এবং সেখানে একটি সমাবেশে ভাষণ দেবেন। এরপর তিনি ডুলাহাজারা সাফারি পার্ক পরিদর্শন করবেন এবং মাছুমঘাট সংরক্ষিত বনে বৃক্ষরোপণের মাধ্যমে পরিবেশ সুরক্ষায় সরকারের নেওয়া দেশব্যাপী ‘২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচির মহতী উদ্বোধন করবেন।
সফরের অন্যতম আবেগঘন মুহূর্তে প্রধানমন্ত্রী যাবেন পেকুয়া উপজেলায়। সেখানে ২০২৪ সালের জুলাইয়ের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নির্মমভাবে শহীদ হওয়া মো. ওয়াসিম আকরামের কবর জিয়ারত করবেন এবং শহীদ ওয়াসিমের পরিবারের সদস্যদের সাথে সাক্ষাৎ ও কুশল বিনিময় করবেন। এরপর তিনি নবগঠিত পেকুয়া পৌরসভা এবং মাতামুহুরি উপজেলার আনুষ্ঠানিক ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন।
বিকেলে চকরিয়া পৌর বাস টার্মিনালের সামনে কক্সবাজার জেলা বিএনপি আয়োজিত এক বিশাল জনসভায় প্রধান অতিথি হিসেবে যোগদান করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
জনসভা শেষে তিনি কক্সবাজারের দৃষ্টিনন্দন মেরিন ড্রাইভ সড়ক ও সমুদ্র সৈকত পরিদর্শন করবেন। পরবর্তীতে সন্ধ্যায় লং বিচ হোটেলে স্থানীয় বিশিষ্ট নাগরিক ও সুধীজনদের নিয়ে আয়োজিত একটি সুধী সমাবেশে অংশ নেবেন প্রধানমন্ত্রী। দিনভর এই ব্যস্ত সফর শেষে আজ রাতেই বিমানযোগে কক্সবাজার থেকে পুনরায় ঢাকার উদ্দেশ্যে রওনা হওয়ার কথা রয়েছে তাঁর।
মন্তব্য করুন