প্রকাশিত: ১ ঘন্টা আগে, ১০:৫৫ এ এম
অনলাইন সংস্করণ
একদিনের সফরে পর্যটন নগরী কক্সবাজারে পৌঁছেছেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।
শনিবার (১৩ জুন) সকাল ৯টা ৫০ মিনিটের দিকে কক্সবাজার বিমানবন্দরে অবতরণ করেন তিনি। এর আগে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ইউএস-বাংলা এয়ারলাইন্সের একটি ফ্লাইটে কক্সবাজারের উদ্দেশে রওনা দেন প্রধানমন্ত্রী।
প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানান, সকাল পৌনে ৯টায় গুলশানের বাসভবন থেকে শাহজালাল বিমানবন্দরে পৌঁছান তিনি। এ সময় তার সহধর্মিণী ডা. জুবাইদা রহমানও সঙ্গে ছিলেন।
সফরসূচি অনুযায়ী, কক্সবাজার পৌঁছে প্রধানমন্ত্রী সরাসরি সদর উপজেলার পিএমখালী এলাকায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের খনন করা ‘পাতলীখাল’ পুনঃখনন কাজের উদ্বোধন করবেন এবং সেখানে একটি সংক্ষিপ্ত পথসভায় বক্তব্য দেবেন।
এরপর দুপুর ১২টায় চকরিয়ার ডুলাহাজারা সাফারি পার্কে বৃক্ষরোপণের মাধ্যমে দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির আনুষ্ঠানিক সূচনা করবেন। একই সফরে তিনি জুলাই গণঅভ্যুত্থান-২৪–এর কক্সবাজারের প্রথম শহীদ ওয়াসিম আকরামের কবর জিয়ারত করবেন এবং শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করবেন।
পরে নবগঠিত পেকুয়া পৌরসভা ও মাতামুহুরী উপজেলার ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন তিনি।
দুপুরে কক্সবাজার-১ আসনের সংসদ সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের পেকুয়ার বাসভবনে বিশ্রাম ও মধ্যাহ্নভোজ শেষে বিকেল ৪টায় চকরিয়া পৌর বাস টার্মিনালে আয়োজিত বিএনপির জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন প্রধানমন্ত্রী।
দিনব্যাপী কর্মসূচি শেষে কক্সবাজার শহরে একটি সুধী সমাবেশে অংশ নেবেন তিনি। পাশাপাশি মেরিন ড্রাইভ ও সমুদ্র সৈকত পরিদর্শন শেষে রাত ১০টায় ঢাকার উদ্দেশে কক্সবাজার ত্যাগ করার কথা রয়েছে।
মন্তব্য করুন