তরুণ কণ্ঠ প্রতিবেদন

প্রকাশিত: ১ ঘন্টা আগে, ০৬:২০ পিএম

অনলাইন সংস্করণ

দিল্লিতে প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে বাধা: ভারতীয় ভারপ্রাপ্ত হাইকমিশনার তলব

ছবি: সংগৃহীত

দিল্লিতে বাংলাদেশের প্রধানমন্ত্রীর পলিসি ও স্ট্র্যাটেজিবিষয়ক উপদেষ্টা জাহেদ উর রহমানকে প্রবেশে বাধা দেওয়ার ঘটনায় ভারতের ভারপ্রাপ্ত হাইকমিশনার পাওয়ান কুমার বঢ়েকে তলব করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়। কূটনৈতিক এই ঘটনায় বাংলাদেশ গভীর উদ্বেগ ও প্রতিবাদ জানাতে যাচ্ছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের নির্ভরযোগ্য সূত্র জানায়, দিল্লিতে ইমিগ্রেশন পর্যায়ে এমন আচরণকে গুরুত্বসহকারে দেখছে সরকার। এ বিষয়ে ব্যাখ্যা জানতে ভারতীয় ভারপ্রাপ্ত হাইকমিশনারকে ডেকে পাঠানো হয়েছে।

জানা গেছে, ইন্ডিয়ান ওশান রিম অ্যাসোসিয়েশন (আইওআরএ)-এর জ্যেষ্ঠ কর্মকর্তাদের বৈঠকে অংশ নিতে রোববার সন্ধ্যায় দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান জাহেদ উর রহমান। ওই বৈঠকে বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দেওয়ার কথা ছিল তার।

কিন্তু পূর্বনির্ধারিত কূটনৈতিক প্রক্রিয়া অনুসরণ করে সফরের বিষয়টি জানানো হলেও বিমানবন্দরে তাকে প্রবেশে বাধা দেয় ভারতের ইমিগ্রেশন কর্তৃপক্ষ। পরে উচ্চ পর্যায়ের নির্দেশনায় প্রবেশের অনুমতি দেওয়া হলেও তিনি দিল্লিতে না গিয়ে কলম্বো হয়ে ঢাকায় ফেরার সিদ্ধান্ত নেন। সোমবার দুপুরে তিনি দেশে ফিরে আসেন।

এ ঘটনার আগে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান একে ‘অনাকাঙ্ক্ষিত ও দুঃখজনক’ হিসেবে উল্লেখ করে বলেন, বিষয়টি নিয়ে যথাযথ কূটনৈতিক পদক্ষেপ নেওয়া হচ্ছে।

কূটনৈতিক মহলে এ ঘটনাকে দুই দেশের সম্পর্কের প্রেক্ষাপটে তাৎপর্যপূর্ণ হিসেবে দেখা হচ্ছে।

মন্তব্য করুন