প্রকাশিত: ১ ঘন্টা আগে, ০৭:১৯ পিএম
অনলাইন সংস্করণ
রাজধানীর মোহাম্মদপুরে এক অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন জানিয়েছেন, আগামী বড়দিনের আগেই ২০২৭ শিক্ষাবর্ষের পাঠ্যবই শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়ার লক্ষ্য নির্ধারণ করেছে সরকার। একই সঙ্গে এসএসসি পরীক্ষার ফল আগামী ২০ জুলাইয়ের মধ্যে প্রকাশ করা হবে বলেও জানান তিনি।
সোমবার সরকারি শারীরিক শিক্ষা কলেজের মাঠে প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শিক্ষামন্ত্রী বলেন, এবার পাঠ্যবইগুলো পরিমার্জিত আকারে দেওয়া হবে এবং কারিকুলামে উল্লেখযোগ্য পরিবর্তন আনা হয়েছে। তিনি আশা প্রকাশ করে বলেন, ২০২৮ সালের মধ্যে সম্পূর্ণ নতুন কারিকুলাম ও সিলেবাস বাস্তবায়ন করা সম্ভব হবে।
তিনি জানান, ইতোমধ্যে মাধ্যমিক স্তরের পাঠ্যবই সংশোধন করা হয়েছে এবং চারটি বিষয়ে নতুনভাবে বই প্রণয়ন করা হয়েছে। প্রচলিত নিয়ম অনুযায়ী প্রতি বছরের ১ জানুয়ারি বিনামূল্যে বই বিতরণ করা হলেও এবার ২৫ ডিসেম্বরের আগেই শিক্ষার্থীদের হাতে বই পৌঁছে দেওয়ার পরিকল্পনা রয়েছে।
এসএসসি পরীক্ষার প্রসঙ্গে শিক্ষামন্ত্রী বলেন, পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে, প্রশ্নফাঁস বা নকলের কোনো ঘটনা ঘটেনি। নির্ধারিত সময়ের মধ্যেই ফল প্রকাশ করা হবে।
শিক্ষা ব্যবস্থায় সেশনজট কমানো এবং এসএসসি, এইচএসসি ও বিশ্ববিদ্যালয় পর্যায়ের মধ্যে বিদ্যমান সময়ের ব্যবধান কমানোর উদ্যোগ নেওয়া হচ্ছে বলেও জানান তিনি। এর ফলে শিক্ষার্থীরা পরীক্ষার পর দ্রুত পরবর্তী ধাপে ভর্তি হতে পারবে এবং অপ্রয়োজনীয় সময় নষ্ট কমবে।
তিনি আরও বলেন, নতুন কারিকুলাম প্রণয়নের ক্ষেত্রে সৃজনশীল শিক্ষা নিশ্চিত করা এবং কোচিংনির্ভরতা কমানোর দিকে গুরুত্ব দেওয়া হচ্ছে।
অনুষ্ঠানে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন