প্রকাশিত: ৯ জুন, ২০২৬, ১০:১২ এ এম
অনলাইন সংস্করণ
পশ্চিম এশিয়ায় সাম্প্রতিক হামলা-পাল্টা হামলার জেরে সৃষ্ট উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প-এর আহ্বানে সাড়া দিয়ে সাময়িকভাবে সামরিক কার্যক্রম স্থগিতের ঘোষণা দিয়েছে ইরান ও ইসরাইল। সোমবার (৮ জুন) দুই দেশ পৃথকভাবে এ ঘোষণা দেয় বলে বার্তা সংস্থা এএফপি জানিয়েছে।
ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, বর্তমান সংঘাত এখন নিয়ন্ত্রণে রয়েছে। এর কয়েক ঘণ্টা আগে তেহরানও সামরিক পদক্ষেপ সাময়িকভাবে বন্ধ রাখার ঘোষণা দেয়। তবে ইরান সতর্ক করে জানিয়েছে, ভবিষ্যতে ইসরাইল যদি তাদের ভূখণ্ড বা লেবাননে হামলা চালায়, তাহলে কঠোর জবাব দেওয়া হবে।
ইরানের শীর্ষ সামরিক কমান্ড খাতাম আল-আনবিয়া কেন্দ্রীয় সদর দপ্তর এক বিবৃতিতে এই অবস্থানের কথা জানায়। সাম্প্রতিক এই উত্তেজনা শুরু হয় দুই মাস বিরতির পর, রোববার দিবাগত রাতে নতুন করে পাল্টাপাল্টি হামলার মাধ্যমে। সোমবার সকাল পর্যন্তও সংঘর্ষ অব্যাহত ছিল।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ট্রাম্প সামাজিক যোগাযোগমাধ্যমে একাধিক বার্তা দিয়ে দুই দেশকে হামলা বন্ধের আহ্বান জানান। পরে তিনি উল্লেখ করেন, উভয় পক্ষই তাৎক্ষণিক যুদ্ধবিরতির চেষ্টা করছে।
এরপরই ইরান ও ইসরাইলের পক্ষ থেকে হামলা স্থগিতের ঘোষণা আসে। ইসরাইলি গণমাধ্যম এক জ্যেষ্ঠ কর্মকর্তার উদ্ধৃতি দিয়ে জানায়, ট্রাম্পের অনুরোধের প্রেক্ষিতেই ইসরাইল ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান বন্ধ করেছে।
বিশ্লেষকরা মনে করছেন, এই সাময়িক বিরতি দীর্ঘমেয়াদি সমাধানের ইঙ্গিত না দিলেও তাৎক্ষণিকভাবে উত্তেজনা প্রশমনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। তবে পরিস্থিতি এখনও নাজুক থাকায় ভবিষ্যৎ সংঘাতের আশঙ্কা পুরোপুরি উড়িয়ে দেওয়া যাচ্ছে না।
মন্তব্য করুন