নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১১ মে, ২০২৬, ১২:১১ এ এম

অনলাইন সংস্করণ

উন্মোচিত হলো এস এম পিন্টুর ’অনুপ্রেরণা’ গ্রন্থের মোড়ক

ছবি: তরুণ কণ্ঠ
খ্যাতিমান সাংবাদিক, কবি ও প্রাবন্ধিক এস এম পিন্টুর ‘অনুপ্রেরণা’ কাব্যগ্রন্থের মোড়ক উন্মোচন ও পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১০ মে) বিকেলে রাজধানীর কাওরান বাজারে দৈনিক সকালের সময়ের সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ সংবাদপত্র পরিষদের সভাপতি এবং দৈনিক সকালের সময় সম্পাদক ও প্রকাশক মো. নূর হাকিম।

সৃজনশীল প্রকাশক পরিষদের সভাপতি ও রুবাব পাবলিকেশনের প্রকাশনা উপদেষ্টা সাহাব উদ্দীন হাসান বাবুর সভাপতিত্বে এবং সকালের সময়ের নিজস্ব প্রতিবেদক বিউটি রানীর সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন দৈনিক জনতার সংবাদ সম্পাদক ও প্রকাশক বীর মুক্তিযোদ্ধা মো. শাহজাহান আলী, বাংলাদেশ মুঠোফোন গ্রাহক এসোসিয়েশনের সভাপতি মো. মহিউদ্দীন আহমেদ, দৈনিক নিরপেক্ষ’র যুগ্ম সম্পাদক মো. আতাউল্লাহ খান, লাখোকণ্ঠ সম্পাদক ফরিদ আহমেদ বাঙালি, ভোরের সংলাপ সম্পাদক লুৎফর রহমান, তরুণ কণ্ঠ সম্পাদক রফিকুল ইসলাম শান্ত, গল্পকার-এর সম্পাদক ও প্রকাশক মো. মহিউদ্দিন, উত্তরা পূর্ব থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. নজরুল ইসলাম খান এবং দৈনিক সকালের সময়ের নির্বাহী সম্পাদক কমল চৌধুরী।

এসময় বক্তারা ‘অনুপ্রেরণা’ বইয়ের কবিতার ভূয়সী প্রশংসা করে বলেন, বর্তমানে বাংলা সাহিত্যে রবীন্দ্রনাথ ও নজরুলের মতো ভালো লেখকের বড় অভাব দেখা যাচ্ছে। সাহিত্যে যেন বিশাল এক শূন্যতা তৈরি হয়েছে। তারা তরুণদের লেখালেখিতে এগিয়ে আসার আহ্বান জানান এবং সাহিত্যভাণ্ডার আরও সমৃদ্ধ করার প্রত্যাশা ব্যক্ত করেন।

মোড়ক উন্মোচন অনুষ্ঠানে ‘অনুপ্রেরণা’ বই সম্পর্কে অনুভূতি প্রকাশ করতে গিয়ে দৈনিক সকালের সময়ের চট্টগ্রাম ব্যুরো প্রধান কবি এস এম পিন্টু বলেন, বইটির মূল উদ্দেশ্য হচ্ছে তরুণদের উৎসাহ দেওয়া। তাদের বোঝানো যে সুখ-দুঃখ, আনন্দ-বেদনা, আশা-হতাশা, প্রাপ্তি-অপ্রাপ্তি নিয়েই আমাদের জীবন। জীবনে এগুলো ছিল, আছে এবং থাকবেও। তবুও আমাদের এগিয়ে যেতে হবে জীবনের শেষ প্রান্ত পর্যন্ত। তাই দুঃখ-কষ্ট, হতাশা ও অপ্রাপ্তিকে প্রাধান্য না দিয়ে অনুপ্রেরণা নিয়ে সামনে এগিয়ে যেতে হবে। সুখ-শান্তির চাদরে ঢাকা পড়ুক সকল দুশ্চিন্তা, আর প্রাপ্তির খাতায় লেখা হোক সফলতার গান।

তিনি আরও বলেন, বইটিতে উৎসাহ, মা-বাবার প্রতি গভীর সম্মান ও ভালোবাসা এবং সমাজের কিছু বাস্তবতা কবিতার মাধ্যমে তুলে ধরা হয়েছে। চট্টগ্রামের রুবাব পাবলিকেশন বইটি প্রকাশ করেছে।

এসময় আরও উপস্থিত ছিলেন সকালের সময়ের ব্যবস্থাপনা সম্পাদক মো. ফারুক হোসেন, হরিৎপত্র প্রকাশনের স্বত্বাধিকারী কবি ফারুকী ওমর, কলি প্রকাশনের স্বত্বাধিকারী এস এম মহির উদ্দিন কলি, প্রিয়মুখ প্রকাশনের স্বত্বাধিকারী আহমেদ ফারুক, প্রতিদিনের বাংলাদেশের বিশেষ প্রতিবেদক আজহার মাহমুদ, সংগঠক কবি নজরুল ইসলাম খান, মাহবুব পাটোয়ারী, সাংবাদিক শাহেদ ফেরদৌস হিরু, মোস্তফা জাহেদ ও আশিক আরেফিন।

উল্লেখ্য, কবি এস এম পিন্টু পেশায় একজন সাংবাদিক। ২০০৫ সালে দৈনিক বাংলার রূপ পত্রিকার মাধ্যমে তার সাংবাদিকতায় পথচলা শুরু। এরপর নানা বাধা-বিপত্তি পাড়ি দিয়ে তিনি কবি, সাহিত্যিক, কলামিস্ট ও সাংবাদিক হিসেবে পরিচিতি লাভ করেন। তিনি দৈনিক মিল্লাত, দৈনিক নিরপেক্ষ, দৈনিক করতোয়া ও দৈনিক ভোরের দর্পণসহ বিভিন্ন গণমাধ্যমে কাজ করেছেন।

২০১৮ সাল থেকে তিনি দৈনিক সকালের সময়ে কর্মরত আছেন। বর্তমানে পত্রিকাটির বিশেষ প্রতিনিধি ও চট্টগ্রাম ব্যুরো প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন। বস্তুনিষ্ঠ সাংবাদিকতায় একাধিকবার দৈনিক সকালের সময়ের বর্ষসেরা প্রতিবেদকের স্বীকৃতি পেয়েছেন তিনি। এছাড়াও অনুসন্ধানী সাংবাদিকতায় সাউথ এশিয়া গোল্ডেন অ্যাওয়ার্ড, মাদার তেরেসা পদক, শেরে বাংলা গোল্ডেন অ্যাওয়ার্ড এবং সমাজ পরিবর্তনে বিশেষ অবদানের জন্য ২০২৫ সালে ‘প্রথম বাংলাদেশ সম্মাননা’ পদক অর্জন করেন।

‘অনুপ্রেরণা’ লেখকের প্রথম কাব্যগ্রন্থ। এছাড়া ‘আ-তে আলো’ নামে একটি প্রবন্ধগ্রন্থের কাজ চলমান রয়েছে, যা খুব শিগগিরই প্রকাশিত হবে বলে আশা করা হচ্ছে।

মন্তব্য করুন