প্রকাশিত: ৪৮ মিনিট আগে, ০৩:২২ পিএম
অনলাইন সংস্করণ
সব ধরনের জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির পর এবার যাত্রীবাহী লঞ্চের ভাড়া বাড়ানোর সিদ্ধান্ত হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, প্রথম ১০০ কিলোমিটার দূরত্বে প্রতি কিলোমিটারে ভাড়া ২৩ পয়সা এবং ১০০ কিলোমিটারের বেশি দূরত্বে প্রতি কিলোমিটারে ২০ পয়সা বাড়বে।
বুধবার (২৩ সেপ্টেম্বর) সচিবালয়ে দ্বিপক্ষীয় বৈঠক শেষে সড়ক ও নৌপরিবহণমন্ত্রী শেখ রবিউল আলম লঞ্চ ভাড়া বাড়ানোর বিষয়টি নিশ্চিত করেন।
মন্ত্রী জানান, জ্বালানি তেলের দাম বৃদ্ধি, ব্যবস্থাপনা ব্যয়সহ বিভিন্ন বিষয় বিবেচনায় নিয়ে নৌযান মালিকেরা ১৫ শতাংশ ভাড়া বাড়ানোর দাবি জানিয়েছিলেন। তবে যাত্রীদের বিষয়টি বিবেচনায় নিয়ে ভাড়া ৭ দশমিক ৫৪ শতাংশ বাড়ানো হয়েছে।
এ ছাড়া লঞ্চের সর্বনিম্ন ভাড়া ৩২ টাকা থেকে বাড়িয়ে ৩৫ টাকা নির্ধারণ করা হয়েছে।
শেখ রবিউল আলম বলেন, ভাড়া বাড়ানো সরকারের কাম্য নয়। তবে বৈশ্বিক পরিস্থিতিতে জ্বালানি তেলের দাম বাড়ানোর পরিপ্রেক্ষিতে এ সিদ্ধান্ত নিতে হয়েছে। জনদুর্ভোগের বিষয়টি বিবেচনায় রেখেই সর্বনিম্ন হারে ভাড়া বাড়ানোর চেষ্টা করা হয়েছে বলেও জানান তিনি।
জ্বালানি তেলের দাম বাড়ার পর যাত্রীবাহী লঞ্চের ভাড়া বাড়ানোর দাবি জানিয়ে নৌপরিবহণমন্ত্রীর কাছে চিঠি দিয়েছিলেন লঞ্চ মালিকেরা।
চিঠিতে প্রথম ১০০ কিলোমিটারের জন্য বর্তমান ভাড়া প্রতি কিলোমিটার ২ টাকা ৯৫ পয়সা থেকে বাড়িয়ে ৪ টাকা ৪৫ পয়সা এবং পরবর্তী প্রতি কিলোমিটারের ভাড়া ২ টাকা ৫২ পয়সা থেকে বাড়িয়ে ৪ টাকা ২ পয়সা করার প্রস্তাব দেওয়া হয়েছিল।
অর্থাৎ, মালিকেরা দূরত্বভেদে প্রতি কিলোমিটারে উল্লেখযোগ্য হারে ভাড়া বাড়ানোর দাবি জানিয়েছিলেন। দাবি পূরণ না হলে জ্বালানি তেলের বাড়তি দাম প্রত্যাহারের প্রস্তাবও দেওয়া হয়েছিল।
এর আগে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির পর দূরপাল্লা ও নগর পরিবহনের বাস ভাড়াও বাড়ানো হয়েছে। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সড়ক পরিবহণ মন্ত্রণালয়ের বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
সরকারি হিসাবে বাসের ভাড়া প্রতি কিলোমিটারে ২০ পয়সা বাড়ানোর হিসাব হলেও জনস্বার্থ বিবেচনায় ৩ পয়সা কম নেওয়ার সিদ্ধান্ত হয়। ফলে কার্যকরভাবে বাস ভাড়া প্রতি কিলোমিটারে ১৭ পয়সা বাড়ানো হয়েছে।
এর আগে গত এপ্রিলে ডিজেলের দাম লিটারে ১৫ টাকা বাড়ানোর পর বাস ভাড়া প্রতি কিলোমিটারে ১১ পয়সা বাড়ানো হয়েছিল।
ভাড়া বাড়ানোর আগে ঢাকা ও চট্টগ্রাম মহানগরে বাসের প্রতি কিলোমিটারের ভাড়া ছিল ২ টাকা ৫৩ পয়সা এবং মিনিবাসে ২ টাকা ৪২ পয়সা। দূরপাল্লার ৫২ আসনের বাসে প্রতি কিলোমিটারের ভাড়া ছিল ২ টাকা ২৩ পয়সা। এর সঙ্গে বিভিন্ন ক্ষেত্রে সেতু ও সড়কের টোলও যুক্ত হয়।
নতুন করে ১৭ পয়সা ভাড়া বৃদ্ধির পর বাসের নতুন ভাড়া নির্ধারণ করা হবে।
মন্তব্য করুন