প্রকাশিত: ১ ঘন্টা আগে, ১২:১১ পিএম
অনলাইন সংস্করণ
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের ফাঁকে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোগানের দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে দুই দেশের ঐতিহাসিক ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদার ও বহুমাত্রিক করার পাশাপাশি অর্থনীতি, বাণিজ্য ও বিনিয়োগে সহযোগিতা সম্প্রসারণের সম্ভাবনা নিয়ে আলোচনা হয়।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) নিউইয়র্কের জাতিসংঘ সদর দপ্তরের কাছে ৮২১ ইউনাইটেড নেশনস প্লাজায় অবস্থিত তুর্কি হাউসে এ বৈঠক অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব একেএম নাজমুল হক বৈঠকের তথ্য জানান।
বৈঠকে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে মতবিনিময়ের পাশাপাশি অর্থনীতি, বাণিজ্য ও বিনিয়োগসহ বিভিন্ন ক্ষেত্রে বিদ্যমান সহযোগিতা আরও সম্প্রসারণের সুযোগ নিয়ে আলোচনা করেন দুই নেতা। ভবিষ্যতে পারস্পরিক স্বার্থ ও অভিন্ন অগ্রাধিকারের ভিত্তিতে সহযোগিতার নতুন ক্ষেত্র উন্মোচনের বিষয়েও তারা একমত হন।
এ ছাড়া আঞ্চলিক ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয় নিয়েও আলোচনা হয়। এসব ক্ষেত্রে বাংলাদেশ ও তুরস্কের মধ্যে ঘনিষ্ঠ সহযোগিতা ও সমন্বয় অব্যাহত রাখার ওপর গুরুত্বারোপ করেন দুই নেতা।
তুরস্কের প্রেসিডেন্টের কার্যালয়ের যোগাযোগ অধিদপ্তরের বিবৃতিতেও বৈঠকের বিষয়টি নিশ্চিত করা হয়েছে। বিবৃতিতে বলা হয়, নিউইয়র্কে তুর্কি হাউসে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে এরদোগান প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেন।
প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে অংশ নিতে বর্তমানে নিউইয়র্কে রয়েছেন। সফরকালে তিনি বিভিন্ন দেশের সরকার ও রাষ্ট্রপ্রধান এবং আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিদের সঙ্গে ধারাবাহিক বৈঠক করছেন।
মঙ্গলবারের কর্মসূচির অংশ হিসেবে তুরস্কের প্রেসিডেন্ট এরদোগানের পাশাপাশি ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে, বিশ্বব্যাংক গ্রুপের প্রেসিডেন্ট অজয় বাঙ্গা এবং হাইতির প্রধানমন্ত্রী আলিক্স দিদিয়ের ফিলস-আইমের সঙ্গেও বৈঠক করেন প্রধানমন্ত্রী। জাতিসংঘের মিয়ানমারবিষয়ক বিশেষ দূত জুলি বিশপের সঙ্গেও তাঁর সাক্ষাৎ হওয়ার কথা ছিল।
এর আগে বিশ্বব্যাংক গ্রুপের প্রেসিডেন্ট অজয় বাঙ্গার সঙ্গে বৈঠকে বাংলাদেশের উন্নয়ন অগ্রাধিকার, অর্থনৈতিক অগ্রগতি ও উন্নয়ন সহযোগিতা নিয়ে আলোচনা হয়। হাইতির প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে দ্বিপক্ষীয় সম্পর্ক ও পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে মতবিনিময় করেন তারা।
রোহিঙ্গা সংকট নিয়েও আন্তর্জাতিক সহযোগিতার বিষয়টি প্রধানমন্ত্রী তারেক রহমানের নিউইয়র্ক সফরের আলোচনায় রয়েছে। তুরস্কের প্রেসিডেন্ট এরদোগানও বৈঠকের পর বাংলাদেশের রোহিঙ্গা শরণার্থীদের আশ্রয় দেওয়ার বিষয়টির প্রশংসা করেছেন এবং মানবিক সহায়তা অব্যাহত রাখার কথা জানিয়েছেন।
মন্তব্য করুন