বিনোদন ডেস্ক

প্রকাশিত: ১ ঘন্টা আগে, ১০:৪৩ এ এম

অনলাইন সংস্করণ

সহশিল্পীর প্রেমে পড়েছিলেন সাবা কামার, কে সে

ব্যক্তিগত জীবন নিয়ে সাধারণত খুব বেশি কথা বলেন না পাকিস্তানের অভিনেত্রী সাবা কামার। প্রেম বা বিয়ের বিষয়েও প্রকাশ্যে তাঁকে খুব বেশি কথা বলতে দেখা যায় না। তবে এবার লন্ডনে এক অনুষ্ঠানে নিজের পুরোনো প্রেমের কথা জানিয়েছেন এই অভিনেত্রী।


সাবা জানান, তিন-চার বছর আগে তাঁর অভিনীত একটি ছবির সহশিল্পীর প্রতি তিনি আকৃষ্ট হয়েছিলেন এবং তাঁর প্রেমে পড়েছিলেন। তবে ওই অভিনেতার নাম প্রকাশ করেননি তিনি।


লন্ডনে প্রথমবারের মতো ভক্তদের সঙ্গে ‘মিট অ্যান্ড গ্রিট’ অনুষ্ঠানে অংশ নেন সাবা। ক্রিয়েটিভ টিমস আয়োজিত ওই অনুষ্ঠানে এসকেটি ওয়েলফেয়ারের জন্য অর্থ সংগ্রহ করা হয়। সেখানেই নিজের পুরোনো প্রেমের প্রসঙ্গ তোলেন অভিনেত্রী।


সাবা বলেন, ওই অভিনেতা এখন বিবাহিত। তাঁর ভাষ্য, ঘটনাটি কয়েক বছর আগের এবং তিনি ওই অভিনেতার প্রতি আকৃষ্ট হয়েছিলেন। এমনকি তিনি বলেন, ‘হয়তো তাঁর চরিত্রের প্রেমে পড়েছিলাম।’


সাবা স্পষ্ট করেন, তিনি কোনো টেলিভিশন অভিনেতার কথা বলছেন না। একটি ছবিতে তাঁর সঙ্গে অভিনয় করা একজন চলচ্চিত্র অভিনেতার কথা বলছেন।


এরপর নিজের অভিনীত ছবির সংখ্যা মনে করে হাসতে হাসতে সাবা বলেন, তিনি তো মাত্র কয়েকটি ছবিতে অভিনয় করেছেন। অনুষ্ঠানের সঞ্চালক মজা করে তাঁর অভিনীত ছবির তালিকা খুঁজে ওই অভিনেতাকে বের করার কথা বলেন।


তবে সাবা এতে রাজি হননি। তিনি অনুরোধ করেন, বিষয়টি যেন বাদ দেওয়া হয় এবং কেউ যেন তাঁর বক্তব্য ব্যবহার না করেন।


পুরোনো সেই প্রেমের প্রসঙ্গে সাবা জানান, পরে তিনি বিষয়টি মেনে নিয়ে এগিয়ে যান। এ সময় ১৪ বছর বয়সী তাঁর ভাগনির বলা একটি মজার কথাও শেয়ার করেন তিনি।


সাবার ভাষ্য, তাঁর ভাগনি তাঁকে বলেছিল—তিনি যেহেতু জঙ্গলে কাজ করছিলেন এবং আশপাশে কেউ ছিল না, তাই তাঁর মাথা খারাপ হয়ে গিয়েছিল। ভাগনির ওই মন্তব্য তাঁকে বিষয়টি থেকে বেরিয়ে আসতে সাহায্য করেছিল বলে জানান সাবা।


সাবার বক্তব্যের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর তাঁর ভক্তদের মধ্যে ওই অভিনেতাকে নিয়ে কৌতূহল তৈরি হয়েছে। তবে সাবা তাঁর নাম প্রকাশ করেননি।


চলচ্চিত্র ও টেলিভিশনে সাবা


চলচ্চিত্র ও টেলিভিশন—দুই মাধ্যমেই নিয়মিত কাজ করছেন সাবা কামার। ২০২২ সালে জাহিদ আহমেদের সঙ্গে ‘ঘবরানা নেহি হ্যায়’ ছবিতে অভিনয় করেন তিনি। একই বছর সানিয়া সাঈদ ও নিমরা বুচারের সঙ্গে ‘কমলি’ ছবিতে অভিনয় করেন।


‘কমলি’ ছবির জন্য ২০২৩ সালে লাক্স স্টাইল অ্যাওয়ার্ডে সেরা চলচ্চিত্র অভিনেত্রীর পুরস্কার পান সাবা।


টেলিভিশনে ‘ফ্রড’, ‘মিসেস অ্যান্ড মিস্টার শামীম’, ‘সার-ই-রাহ’, ‘গুনাহ’, ‘তুমহারে হুসন কে নাম’ ও ‘সিরিয়াল কিলার’-এর মতো নাটক ও ধারাবাহিকে অভিনয় করেছেন তিনি। ২০২৪ সালে ‘পাগলখানা’ এবং ২০২৫ সালে ‘কেস নম্বর ৯’, ‘পামাল’ ও ‘মুয়াম্মা’তে দেখা যায় তাঁকে। ২০২৬ সালে ‘খুদা গওয়াহ’ ধারাবাহিকেও অভিনয় করেছেন সাবা। সামনে হাম টিভির ‘হুরমত’ ধারাবাহিকে প্রধান চরিত্রে দেখা যাবে তাঁকে।

মন্তব্য করুন