বাণিজ্য ডেস্ক

প্রকাশিত: ৩ ঘন্টা আগে, ০৯:৩৭ এ এম

অনলাইন সংস্করণ

কমল বিশ্ববাজারে তেলের দাম

সৌদি আরব থেকে তেল সরবরাহ ও জাহাজ চলাচল স্বাভাবিক হওয়ার সম্ভাবনায় বিশ্ববাজারে তেলের দাম কমেছে। ইয়েমেনের হুথিদের হামলা অব্যাহত থাকলেও সৌদি আরবের তেল রপ্তানি বাড়ার সম্ভাবনাকে বাজারে ইতিবাচকভাবে দেখা হচ্ছে। রয়টার্স এ তথ্য জানিয়েছে।

সোমবার (২১ সেপ্টেম্বর) আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুডের দাম ৮১ সেন্ট বা দশমিক ৭৮ শতাংশ কমে ব্যারেলপ্রতি ১০৩ দশমিক ০৬ ডলারে নেমেছে। একই সময়ে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) ক্রুডের দাম ৮৯ সেন্ট বা দশমিক ৮৯ শতাংশ কমে ব্যারেলপ্রতি ৯৯ দশমিক ৪১ ডলারে দাঁড়িয়েছে।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, সৌদি আরবের তেল রপ্তানি ধীরে ধীরে পুনরুদ্ধার হচ্ছে। বিশ্লেষণী প্রতিষ্ঠান কেপলারের তথ্য অনুযায়ী, সেপ্টেম্বরে সৌদি আরবের তেল রপ্তানি দৈনিক ৪০ লাখ ব্যারেলের কিছু বেশি হয়েছে, যা আগস্টের দৈনিক ২৪ লাখ ব্যারেলের তুলনায় বেশি।

এর মধ্যেই শনিবার (১৯ সেপ্টেম্বর) ইয়েমেনের হুথিরা সৌদি রাজধানী রিয়াদে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার দাবি করে। একই সঙ্গে সৌদি আরবের লোহিত সাগর উপকূলের বন্দরনগরী ইয়ানবুতে সৌদি আরামকোর একটি স্থাপনায় হামলার কথাও জানায় তারা।

সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট জানিয়েছে, রিয়াদের দিকে ছোড়া একটি ক্ষেপণাস্ত্র প্রতিহত করা হয়েছে। ইয়ানবুসহ কয়েকটি এলাকায় বেসামরিক নাগরিকদের লক্ষ্য করে হামলাও প্রতিহত করার কথা জানিয়েছে জোটটি।

হুথিদের হামলার কারণে সৌদি আরবের জ্বালানি অবকাঠামো ও লোহিত সাগরের নৌপথ নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। তবে সৌদি আরবের বিকল্প রপ্তানি পথ দিয়ে সরবরাহ বাড়ার সম্ভাবনা এবং জাহাজ চলাচল পুনরুদ্ধারের ইঙ্গিত তেলের বাজারে দামের ওপর নিম্নমুখী চাপ তৈরি করেছে।

মন্তব্য করুন