বিনোদন ডেস্ক

প্রকাশিত: ৫৩ মিনিট আগে, ০৮:৫৪ পিএম

অনলাইন সংস্করণ

চিরচেনা গ্ল্যামারে ফিরলেন শখ

দীর্ঘ বিরতির পর আবারও অভিনয় ও ফ্যাশন অঙ্গনে সক্রিয় হওয়ার প্রস্তুতি নিচ্ছেন মডেল ও অভিনেত্রী আনিকা কবির শখ। মাতৃত্ব ও সংসারজীবনের ব্যস্ততার মধ্যে নিজের ফিটনেসের দিকে নতুন করে মনোযোগ দিয়েছেন তিনি। সাত মাসের নিয়মিত অনুশীলন ও খাদ্যাভ্যাসে পরিবর্তনের পর ৭০ কেজি থেকে তার ওজন কমে দাঁড়িয়েছে ৫৫ কেজিতে।

সম্প্রতি এক ফ্যাশন শোতে অংশ নিয়ে নতুন লুকে দেখা গেছে শখকে। দীর্ঘদিন পর তার এই উপস্থিতি নিয়ে বিনোদন অঙ্গনে আলোচনা তৈরি হয়েছে। এর আগে মাতৃত্বের কারণে অভিনয় থেকে অনেকটা দূরে ছিলেন তিনি। ২০২৪ সালের এক সাক্ষাৎকারেও শখ জানিয়েছিলেন, সন্তানকে ঘিরেই তখন তার বেশির ভাগ সময় কাটছে।

খের ভাষ্য অনুযায়ী, একপর্যায়ে চিকিৎসকের কাছ থেকে জানতে পারেন তার লিভারে মেদ জমেছে। এরপরই নিজের স্বাস্থ্য ও জীবনযাপনের বিষয়ে আরও সচেতন হওয়ার সিদ্ধান্ত নেন তিনি।

এর আগে তার ওজন ৮০ কেজি পর্যন্ত উঠেছিল। সেখান থেকে কমিয়ে ৭০ কেজিতে আনলেও একপর্যায়ে ওজন কমানোর প্রক্রিয়া থেমে যায়। জিমে যাওয়ার আগ্রহ থাকলেও নিয়মিত রুটিন ধরে রাখা কঠিন হয়ে পড়েছিল।

পরে খাবারের তালিকায় পরিবর্তন আনেন শখ। গরুর মাংস ও বিভিন্ন চর্বিযুক্ত খাবার কমিয়ে সবজি, ডিম ও মুরগির মাংসকে খাদ্যতালিকায় গুরুত্ব দেন। কোরবানির ঈদেও গরুর মাংস খুব সীমিত পরিমাণে খেয়েছেন বলে জানান তিনি।

টানা সাত মাসের নিয়মিত পরিশ্রমে ৭০ কেজি থেকে আরও ১৫ কেজি ওজন কমিয়ে ৫৫ কেজিতে নিয়ে এসেছেন শখ। এই পরিবর্তনের পেছনে খাদ্যাভ্যাস নিয়ন্ত্রণের পাশাপাশি নিয়মিত শরীরচর্চার কথাও উঠে এসেছে তার অভিজ্ঞতায়।

দীর্ঘদিন পর ফ্যাশন শোতে অংশ নেওয়ার পর তার পরিবর্তিত শারীরিক গড়ন নিয়ে দর্শকদের মধ্যে আগ্রহ তৈরি হয়। তবে নিজের এই পরিবর্তনের মূল কারণ হিসেবে শুধু পর্দায় ভালো দেখানো নয়, স্বাস্থ্যকেই গুরুত্ব দিয়েছেন শখ।

সংসার ও সন্তানকে সময় দিতে দীর্ঘদিন অভিনয় থেকে দূরে ছিলেন শখ। এর আগে বিভিন্ন সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, মাতৃত্বকে উপভোগ করছেন এবং সন্তানকে ঘিরেই তার জীবনযাপনের বড় অংশ আবর্তিত হচ্ছে।

তবে সাম্প্রতিক সময়ে অভিনয় ও নাচের কাজেও আবার সক্রিয় হওয়ার খবর পাওয়া যাচ্ছে। দীর্ঘ বিরতির পর ২০২২ সালে ঈদের নাটক ‘বাঘ না বাঘিনী’ দিয়ে অভিনয়ে ফেরার খবরও প্রকাশিত হয়েছিল।

এখন নতুন করে সিনেমা ও নাটকের প্রস্তাব পাচ্ছেন বলে জানিয়েছেন শখ। নিজের ফিটনেসে পরিবর্তন আনার পর পর্দায় নিয়মিত হওয়ার প্রস্তুতিও নিচ্ছেন তিনি।

মন্তব্য করুন