প্রকাশিত: ৩৩ মিনিট আগে, ০৬:২৬ পিএম
অনলাইন সংস্করণ
দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও চারজনের মৃত্যু হয়েছে। একই সময়ে হাম ও হামের উপসর্গ নিয়ে নতুন করে ১ হাজার ২৩৬ জন রোগী শনাক্ত হয়েছে। রোববার (২০ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত হেলথ বুলেটিনে এ তথ্য জানানো হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে কোনো মৃত্যু হয়নি। নতুন করে যে চারজন মারা গেছেন, তারা হামের উপসর্গ নিয়ে মারা গেছেন। এ নিয়ে ১৫ মার্চ থেকে দেশে নিশ্চিত হামে মৃত্যুর সংখ্যা ১০১ এবং হামের উপসর্গ নিয়ে মৃত্যুর সংখ্যা ৯৫৬ জনে দাঁড়িয়েছে। সব মিলিয়ে হাম ও এর উপসর্গ নিয়ে মোট মৃত্যুর সংখ্যা ১ হাজার ৫৭।
গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে মারা যাওয়া চারজনের মধ্যে ঢাকা বিভাগের দুজন এবং চট্টগ্রাম ও ময়মনসিংহ বিভাগের একজন করে রয়েছেন।
এ সময়ে নতুন করে ১ হাজার ১৪৮ জনের মধ্যে হামের উপসর্গ পাওয়া গেছে। পাশাপাশি নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়েছেন ৮৮ জন। এ নিয়ে ১৫ মার্চ থেকে দেশে সন্দেহজনক হামের রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৭৯ হাজার ৮১৪ জনে এবং নিশ্চিত হামে আক্রান্তের সংখ্যা ২০ হাজার ৫৬২ জনে।
স্বাস্থ্য অধিদপ্তরের হিসাব অনুযায়ী, ১৫ মার্চ থেকে ২০ সেপ্টেম্বর পর্যন্ত হামের উপসর্গ নিয়ে দেশের বিভিন্ন হাসপাতালে মোট ১ লাখ ৫৮ হাজার ৫৮৯ জন ভর্তি হয়েছেন। এর মধ্যে ১ লাখ ৫২ হাজার ২২৫ জন চিকিৎসা নিয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন।
গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে নতুন রোগীদের মধ্যে ঢাকা বিভাগে ৫১৩ জন, রাজশাহীতে ৩০, সিলেটে ১৪৫, চট্টগ্রামে ২৮৪, বরিশালে ১১৪, ময়মনসিংহে ৫৪, খুলনায় ৭০ এবং রংপুরে ২৬ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।
মন্তব্য করুন