প্রকাশিত: ৩৮ মিনিট আগে, ০৫:৩৫ পিএম
অনলাইন সংস্করণ
শিশুদের নিরাপত্তার বিষয়ে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব। একই সঙ্গে অভিভাবকদের আরও সতর্ক ও সচেতন থাকার আহ্বান জানিয়েছেন তিনি। তাঁর মতে, শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে না পারলে সমাজের অস্তিত্বই অর্থহীন।
শনিবার (১৯ সেপ্টেম্বর) কুমিল্লায় ১৩ বছর বয়সী ইশায়াত শাহরিয়ার অপ্রতিমের হত্যাকাণ্ডের ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে এসব কথা বলেন অপূর্ব। অপ্রতিমের হত্যাকাণ্ডের ঘটনায় সাম্প্রতিক শিশুহত্যার ঘটনাগুলো তাকে একজন বাবা ও দেশের সাধারণ নাগরিক হিসেবে স্তব্ধ করেছে বলে জানান তিনি।
অপূর্ব তাঁর পোস্টে বলেন, একটি শিশুর নিরাপদে বেড়ে ওঠার সুযোগ তার সবচেয়ে স্বাভাবিক অধিকার। কিন্তু শিশুদের ওপর বারবার এমন নৃশংসতা সমাজ ও বিবেকের চরম পতনের ইঙ্গিত দেয়।
অপ্রতিম হত্যাকাণ্ডের প্রসঙ্গে তিনি বলেন, এই ধরনের অমানবিকতার বিরুদ্ধে সবাইকে এক হতে হবে। শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে না পারলে সমাজের অস্তিত্বই অর্থহীন বলেও মন্তব্য করেন তিনি।
অভিভাবকদের উদ্দেশে অপূর্ব বলেন, বাড়তি সতর্কতা ও সচেতন নজরদারি অনেক বড় বিপদ থেকে সন্তানকে রক্ষা করতে পারে। ঘরের ভেতরে কিংবা বাইরে—কোথাও যেন শিশুদের নিরাপত্তায় ঘাটতি না থাকে, সেদিকে নজর দেওয়ার আহ্বান জানান তিনি।
শিশুহত্যার সঙ্গে জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন অপূর্ব। শিশুদের জন্য দেশকে নিরাপদ করে তোলাকে সবচেয়ে বড় দায়িত্ব বলেও উল্লেখ করেন তিনি। তাঁর পোস্টের শেষে তিনি বলেন, ‘সব শিশুর জন্য নিরাপদ শৈশব চাই।’
মন্তব্য করুন