প্রকাশিত: ৫১ মিনিট আগে, ০৫:২৪ পিএম
অনলাইন সংস্করণ
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আয়োজিত প্রদীপ প্রজ্জ্বলন অনুষ্ঠানে অনুপস্থিত শিক্ষার্থীদের ৫০০ রুপি জরিমানার সতর্কতা দিয়ে নোটিশ দেওয়ার ঘটনায় বিতর্ক সৃষ্টি হয়েছে ইন্ডিয়ান ইনস্টিটিউট অব ম্যানেজমেন্ট (আইআইএম) জম্মুতে।
১৭ সেপ্টেম্বর মোদির জন্মদিন উপলক্ষে আইআইএম জম্মু ক্যাম্পাসে ‘দীপক প্রজ্জ্বলন’ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিতি বাধ্যতামূলক ছিল উল্লেখ করে অনুপস্থিত শিক্ষার্থীদের লিখিত ব্যাখ্যা দিতে বলা হয়। ব্যাখ্যা সন্তোষজনক না হলে ৫০০ রুপি জরিমানা করা হবে বলে নোটিশে উল্লেখ করা হয়।
প্রকাশিত নোটিশ অনুযায়ী, অনুপস্থিতির ক্ষেত্রে ছাড় পাওয়ার জন্য চিকিৎসাজনিত কারণ দেখাতে হবে। এ ক্ষেত্রে আইআইএম জম্মুর ক্যাম্পাসের ‘সঞ্জীবনী’ মেডিকেল সেন্টারের লিখিত সনদ এবং নির্দিষ্ট সময়ের জন্য চিকিৎসকের বিশ্রামের পরামর্শ জমা দেওয়ার কথা বলা হয়। নির্ধারিত সময়ের মধ্যে ব্যাখ্যা না দিলে ৫০০ রুপি জরিমানার সতর্কতা দেওয়া হয়েছিল।
দ্য ট্রিবিউনের প্রতিবেদনে বলা হয়েছে, প্রাথমিকভাবে ৬৫ জন শিক্ষার্থীকে এ ধরনের নোটিশ দেওয়া হয়েছিল। তবে শিক্ষার্থীদের কাউন্সিলের সভাপতি আকুল শর্মার ভাষ্য অনুযায়ী, কয়েকজন প্লেসমেন্টের কাজে এবং কয়েকজন অসুস্থ থাকায় তাদের নোটিশ পরে প্রত্যাহার করা হয়।
ঘটনাটি প্রকাশ্যে আসার পর কংগ্রেসের পক্ষ থেকে শিক্ষাপ্রতিষ্ঠানে এমন অনুষ্ঠানে শিক্ষার্থীদের উপস্থিতি বাধ্যতামূলক করা নিয়ে প্রশ্ন তোলা হয়।
কংগ্রেসের জম্মু-কাশ্মীরবিষয়ক দায়িত্বপ্রাপ্ত নেতা ও রাজ্যসভার সদস্য সৈয়দ নাসির হুসাইন প্রশ্ন করেন, প্রধানমন্ত্রীর জন্মদিনের অনুষ্ঠানে শিক্ষার্থীদের উপস্থিতি কেন বাধ্যতামূলক করা হবে। তিনি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীদের স্বাধীন চিন্তাচর্চার পরিবেশ বজায় রাখার ওপর গুরুত্ব দেন।
তবে অভিযোগের বিষয়ে আইআইএম জম্মু কর্তৃপক্ষ বলেছে, কোনো শিক্ষার্থীর কাছ থেকেই ৫০০ রুপি জরিমানা আদায় করা হয়নি।
প্রতিষ্ঠানের পক্ষ থেকে বলা হয়েছে, সংশ্লিষ্ট নোটিশটি প্রশাসনের পক্ষ থেকে নয়, শিক্ষার্থীদের কাউন্সিল থেকে পাঠানো হয়েছিল। আইআইএমের এক কর্মকর্তা বিষয়টিকে শিক্ষার্থীদের ক্যাম্পাস কার্যক্রমে অংশগ্রহণ নিশ্চিত করার একটি সাধারণ ব্যবস্থা হিসেবে ব্যাখ্যা করেছেন।
আইআইএম জম্মুর পক্ষ থেকে আরও জানানো হয়েছে, বিষয়টি নিয়ে কর্তৃপক্ষের বৈঠকে আলোচনা হবে। ফলে নোটিশে জরিমানার সতর্কতা থাকলেও এখন পর্যন্ত কোনো শিক্ষার্থীর কাছ থেকে সেই জরিমানা নেওয়া হয়েছে—এমন তথ্য প্রতিষ্ঠানটি অস্বীকার করেছে।
মন্তব্য করুন