তরুণ কণ্ঠ প্রতিবেদন

প্রকাশিত: ২০ সেপ্টেম্বার, ২০২৬, ০৭:০৫ পিএম

অনলাইন সংস্করণ

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৬ মৃত্যু, সেপ্টেম্বরে প্রাণ গেছে ৮৭ জনের

দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ছয়জনের মৃত্যু হয়েছে। একই সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৫৯৩ জন। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৮৪ জনে।

রোববার স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত নিয়মিত বুলেটিনে এ তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি সেপ্টেম্বর মাসে ডেঙ্গুতে ৮৭ জনের মৃত্যু হয়েছে। মাসভিত্তিক হিসাবে এটি চলতি বছরের এখন পর্যন্ত সর্বোচ্চ।

স্বাস্থ্য অধিদপ্তরের বুলেটিন অনুযায়ী, শনিবার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকার হাসপাতালগুলোতে ১৭১ জন এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকার হাসপাতালগুলোতে ১৩২ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন।

ঢাকার দুই সিটি করপোরেশনের বাইরে ঢাকা বিভাগের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ৩৮৪ জন।

অন্যান্য বিভাগের মধ্যে বরিশালে ১৫৪ জন, চট্টগ্রামে ১৬৭, খুলনায় ২৯২, ময়মনসিংহে ৮২, রাজশাহীতে ১৩৭, রংপুরে ৬৫ এবং সিলেটে ৯ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুর চিকিৎসা নিয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ১ হাজার ৫৮৭ জন।

চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন হাসপাতালে মোট ৬১ হাজার ৯৭২ জন ভর্তি হয়েছেন। তাদের মধ্যে ৫৭ হাজার ৬১০ জন চিকিৎসা নিয়ে হাসপাতাল ছেড়েছেন।

স্বাস্থ্য অধিদপ্তর ২০০০ সাল থেকে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ও মৃত্যুর তথ্য সংরক্ষণ করছে। সরকারি পরিসংখ্যান অনুযায়ী, ২০২৩ সালে ডেঙ্গুতে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ছিল সর্বোচ্চ—৩ লাখ ২১ হাজার ১৭৯ জন। একই বছর ডেঙ্গুতে ১ হাজার ৭০৫ জনের মৃত্যু হয়, যা এখন পর্যন্ত সর্বোচ্চ।

 

মন্তব্য করুন