প্রকাশিত: ৫৭ মিনিট আগে, ০৬:১৪ পিএম
অনলাইন সংস্করণ
জামালপুরে জলবায়ু সহনশীল কৃষি প্রযুক্তির প্লট স্থাপন বিষয়ক নির্বাচিত কৃষকদের নিয়ে এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২১ সেপ্টেম্বর) দুপুরে জামালপুর শহরের পিটিআই আশার আলো মিলনায়তনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
কর্মশালায় জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় কৃষিতে আধুনিক ও জলবায়ু সহনশীল প্রযুক্তির ব্যবহার, কৃষি উৎপাদন বৃদ্ধি এবং কৃষকদের সক্ষমতা উন্নয়নের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। পাশাপাশি নির্বাচিত কৃষকদের মাধ্যমে জলবায়ু সহনশীল কৃষি প্রযুক্তির প্লট স্থাপনের বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া হয়।
প্রধান অতিথির বক্তব্যে জামালপুর সদর উপজেলা কৃষি অফিসার মোঃ এমদাদুল হক বলেন, জলবায়ু পরিবর্তনের ফলে কৃষি খাত নানা ধরনের চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছে। এসব চ্যালেঞ্জ মোকাবিলায় কৃষকদের আধুনিক প্রযুক্তির সঙ্গে সম্পৃক্ত করা এবং স্থানীয় পর্যায়ে কার্যকর কৃষি পদ্ধতির প্রসার ঘটানো গুরুত্বপূর্ণ। এ লক্ষ্যেই নির্বাচিত কৃষকদের নিয়ে এ ধরনের কর্মশালার আয়োজন করা হচ্ছে।
এ সময় উপ-সহকারী কৃষি কর্মকর্তা শফিকুল ইসলাম, কামরুল হাসান, মোঃ শামীম, হাবিল উদ্দিন, রমজান আলী, শেখ মোঃ সাহানুজ্জামান, শারমিন সুলতানা আশা, শাহনাজ পারভীনসহ বিভিন্ন ইউনিয়নের কৃষক-কৃষাণীরা উপস্থিত ছিলেন।
কর্মশালা শেষে নির্বাচিত কৃষক কৃষাণীদের মাঝে সার, বীজ এবং বিভিন্ন কীটনাশক বিতরণ করা হয়।
উল্লেখ্য, জেসমিন প্রকল্প ২০২৩ সাল থেকে জামালপুর জেলার চারটি উপজেলা—সদর, মেলান্দহ, ইসলামপুর ও দেওয়ানগঞ্জে কার্যক্রম পরিচালনা করে আসছে। প্রকল্পটি মূলত অস্ট্রেলিয়ান সরকারের সহায়তায় অস্ট্রেলিয়ান এনজিও কো-অপারেশন প্রোগ্রাম (ANCP)-এর মাধ্যমে বাস্তবায়িত এনএসভিসি প্রকল্পের (২০১৮–২০২৩) বর্ধিত অংশ।
প্রকল্পটির অন্যতম লক্ষ্য হলো জেন্ডার সমতা উন্নয়ন, নারীর অংশগ্রহণ বৃদ্ধি এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় স্থানীয় জনগোষ্ঠীর সক্ষমতা বৃদ্ধি করা। এর মাধ্যমে কৃষকদের আধুনিক ও জলবায়ু সহনশীল কৃষি প্রযুক্তির সঙ্গে সম্পৃক্ত করে টেকসই কৃষি ব্যবস্থা গড়ে তোলার উদ্যোগ নেওয়া হচ্ছে।
মন্তব্য করুন