প্রকাশিত: ২০ সেপ্টেম্বার, ২০২৬, ০৭:০২ পিএম
অনলাইন সংস্করণ
চলতি সেপ্টেম্বর মাসের প্রথম ১৯ দিনে দেশে ১৮০ কোটি ৭০ লাখ ৭০ হাজার মার্কিন ডলার রেমিট্যান্স এসেছে। বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ প্রায় ২৩ হাজার ৮৮ কোটি টাকা, প্রতি ডলার ১২৩ টাকা হিসাবে।
রোববার (২০ সেপ্টেম্বর) বাংলাদেশ ব্যাংকের প্রকাশিত হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনের তথ্য অনুযায়ী, সেপ্টেম্বরের প্রথম ১৯ দিনে বেসরকারি ব্যাংকগুলোর মাধ্যমে ১৩৬ কোটি ৯ লাখ ৬০ হাজার ডলার, রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর মাধ্যমে ৩৪ কোটি ৬৬ লাখ ৬০ হাজার ডলার এবং বিশেষায়িত ব্যাংকগুলোর মাধ্যমে ১৬ কোটি ৫৫ লাখ ডলার রেমিট্যান্স এসেছে।
এ ছাড়া বিদেশি ব্যাংকের শাখাগুলোর মাধ্যমে এসেছে ৩৯ লাখ ৪০ হাজার ডলার।
বাংলাদেশ ব্যাংকের হিসাব অনুযায়ী, প্রথম ১৯ দিনে দেশের ব্যাংকগুলোর মধ্যে সবচেয়ে বেশি রেমিট্যান্স এসেছে ইসলামী ব্যাংকের মাধ্যমে। ব্যাংকটির মাধ্যমে প্রবাসী আয় এসেছে ৩২ কোটি ৮২ লাখ ৫০ হাজার ডলার।
দ্বিতীয় অবস্থানে রয়েছে অগ্রণী ব্যাংক। এ ব্যাংকের মাধ্যমে এসেছে ১৬ কোটি ৬৫ লাখ ৯০ হাজার ডলার।
এর পরের অবস্থানে থাকা বাংলাদেশ কৃষি ব্যাংকের মাধ্যমে এসেছে ১৬ কোটি ৫৫ লাখ ডলার। আর ব্র্যাক ব্যাংকের মাধ্যমে এসেছে ১১ কোটি ৯৮ লাখ ৮০ হাজার ডলার।
এর আগে সেপ্টেম্বরের প্রথম ১৪ দিনে দেশে ১৫২ কোটি ৬০ লাখ ডলার রেমিট্যান্স আসার তথ্য জানিয়েছিল বাংলাদেশ ব্যাংক। গত বছরের একই সময়ে আসা ১৪৭ কোটি ৫০ লাখ ডলারের তুলনায় ওই সময়ে রেমিট্যান্স প্রবাহ ৩ দশমিক ৪ শতাংশ বেশি ছিল।
মন্তব্য করুন