প্রকাশিত: ১ ঘন্টা আগে, ১০:৩০ এ এম
অনলাইন সংস্করণ
কিশোরগঞ্জের ভৈরব বাজারে তামাকজাত দ্রব্যের বিক্রয় ও প্রচারণা নিয়ন্ত্রণে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। সোমবার (২১ সেপ্টেম্বর) ভৈরব বাজারের বিভিন্ন দোকানে এ অভিযান পরিচালনা করা হয়।
ভৈরবের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এ এইচ এম আজিমুল হকের নেতৃত্বে পরিচালিত অভিযানে বিভিন্ন দোকানে তামাকজাত দ্রব্যের প্রদর্শন, বিক্রয় এবং তামাক নিয়ন্ত্রণ আইন যথাযথভাবে প্রতিপালন করা হচ্ছে কি না, তা পরিদর্শন করা হয়।
অভিযানকালে ব্যবসায়ীদের তামাকজাত দ্রব্য বিক্রির ক্ষেত্রে প্রচলিত আইন ও বিধিবিধান মেনে চলার নির্দেশনা দেওয়া হয়। পাশাপাশি তামাকজাত দ্রব্যের বিজ্ঞাপন ও প্রচারণা বন্ধে ব্যবসায়ীদের সতর্ক করা হয়।
এ সময় আইন অমান্য করার দায়ে একটি দোকানের ব্যবসায়ীকে ১ হাজার টাকা জরিমানা করা হয়।
সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এ এইচ এম আজিমুল হক বলেন, তামাকজাত দ্রব্যের ক্ষতিকর প্রভাব থেকে সাধারণ মানুষ, বিশেষ করে তরুণ প্রজন্মকে সুরক্ষিত রাখতে আইন প্রয়োগের পাশাপাশি ব্যবসায়ীদের সচেতন করা হচ্ছে। তামাকের বিজ্ঞাপন ও প্রচারণা বন্ধ এবং আইন মেনে ব্যবসা পরিচালনার জন্য সংশ্লিষ্টদের আহ্বান জানানো হয়েছে।
তিনি আরও বলেন, জনস্বাস্থ্য সুরক্ষা এবং তামাকজাত দ্রব্যের ব্যবহার নিয়ন্ত্রণে নিয়মিতভাবে এ ধরনের অভিযান পরিচালনা করা হবে। আইন অমান্য করে তামাকজাত দ্রব্য বিক্রয় বা প্রচারের প্রমাণ পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রচলিত আইনে ব্যবস্থা নেওয়া হবে।
অভিযানে সংশ্লিষ্ট কর্মকর্তা, স্থানীয় সাংবাদিক এবং জেলা তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়ন টাস্কফোর্স কমিটির সদস্য ও তামাক নিয়ন্ত্রণ সংস্থা কাইডসের প্রতিনিধি শাহ মোহাম্মদ সারওয়ার উপস্থিত থেকে ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রমে সহযোগিতা করেন।
মন্তব্য করুন