তরুণ কণ্ঠ প্রতিবেদন

প্রকাশিত: ২২ সেপ্টেম্বার, ২০২৬, ১১:২১ এ এম

অনলাইন সংস্করণ

মধ্যরাতে পারিবারিক কবরস্থানে মরিয়মের দাফন, বিচারের দাবি স্বজনদের

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত নেতা গাজী নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী মরিয়ম খাতুনের দাফন সম্পন্ন হয়েছে। সোমবার (২১ সেপ্টেম্বর) দিবাগত রাত ১২টা ৪৫ মিনিটে সাতক্ষীরার শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নের পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিউল আলম পাটোয়ারী।

পারিবারিক সূত্রে জানা গেছে, সোমবার রাতের দিকে ঢাকা থেকে সড়কপথে মরিয়মের মরদেহ গাবুরায় পৌঁছায়। মরদেহ পৌঁছানোর আগেই স্থানীয়ভাবে কবর প্রস্তুত করা হয়েছিল। পরে গোসল ও জানাজা শেষে রাত পৌনে ১টার দিকে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।

জানাজা ও দাফনে মরিয়মের পরিবারের সদস্য ও নিকটাত্মীয়দের পাশাপাশি স্থানীয় গ্রামবাসী এবং পুলিশ প্রশাসনের সদস্যরা উপস্থিত ছিলেন।

মরিয়মের মৃত্যুর ঘটনায় দায়ী ব্যক্তিদের আইনের আওতায় এনে বিচার নিশ্চিত করার দাবি জানিয়েছেন তার স্বজনেরা।

রোববার সন্ধ্যায় রাজধানীর শেরেবাংলা নগর থানাধীন ন্যাম ভবনের একটি ফ্ল্যাট থেকে মরিয়মের ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় মরিয়মের বাবা মো. মাসুম বিল্লাহ বাদী হয়ে আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে মামলা করেন। মামলায় গাজী নজরুল ইসলাম, তার প্রথম স্ত্রী মাকসুদা বেগম ও ওবায়দুল্লাহকে আসামি করা হয়েছে। মামলার পর গাজী নজরুল ও তার প্রথম স্ত্রীকে গ্রেপ্তার করা হয়েছে।

 

মন্তব্য করুন