প্রকাশিত: ২২ সেপ্টেম্বার, ২০২৬, ১১:৩০ এ এম
অনলাইন সংস্করণ
ভারতের কৌতুকশিল্পী সময় রায়না ও ‘টুয়েলভথ ফেল’ অভিনেত্রী মেধা শঙ্করের প্রেমের গুঞ্জন নতুন নয়। এবার সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়েছে তাঁদের ডিসেম্বরে বিয়ের খবর। তবে বিয়ের গুঞ্জন নিয়ে মজার প্রতিক্রিয়া জানিয়েছেন সময় ও মেধা।
রোববার ইনস্টাগ্রাম স্টোরিতে একটি পোস্টের ছবি শেয়ার করেন সময় রায়না। ওই পোস্টে দাবি করা হয়, ‘সময় রায়না ডিসেম্বর মাসে মেধা শঙ্করকে বিয়ে করতে যাচ্ছেন।’
পোস্টটি শেয়ার করে সময় লেখেন, ‘ডিসেম্বরে তো আমার ভারত সফর আছে। দুঃখিত মেধা শঙ্কর, বিয়ে পিছিয়ে দিতে হবে।’
সময়ের সেই স্টোরি নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে শেয়ার করেন মেধা শঙ্কর। সঙ্গে দেন হাসির ইমোজি। পরে একটি মিমও শেয়ার করেন তিনি। সেখানে ভিত্তিহীন বিয়ের গুঞ্জন এড়িয়ে যাওয়ার কথা মজারভাবে তুলে ধরা হয়।
কয়েক দিন আগে রেডিটে একটি বেনামি পোস্ট প্রকাশিত হয়। ওই পোস্টে দাবি করা হয়, সময় ও মেধা ডিসেম্বরে বিয়ে করতে যাচ্ছেন। পোস্টদাতা নিজেকে সময়ের পরিবারের ঘনিষ্ঠজন বলেও দাবি করেন।
পোস্টে আরও বলা হয়, সময় ও মেধা বর্তমানে ছুটিতে আছেন এবং সময় দ্রুত মেধাকে বিয়ে করতে চান। তবে এসব দাবির কোনোটি সময় বা মেধা নিশ্চিত করেননি।
চলতি বছরের শুরুতে একসঙ্গে দেখা যাওয়ার পর সময় ও মেধার সম্পর্ক নিয়ে আলোচনা শুরু হয়। মেধা সময়ের অনুষ্ঠান ‘ইন্ডিয়াজ গট ল্যাটেন্ট’-এর দ্বিতীয় মৌসুমের একটি পর্বেও অংশ নেন। সেখানে ছিলেন বরুণ ধাওয়ান, নিশান্ত তানওয়ার ও শ্যারন ভার্মা।
অনুষ্ঠানে সময় ও মেধার সম্পর্ক নিয়ে কথা উঠলে মেধাকে নিজের ‘সবচেয়ে ভালো বন্ধু’ বলে উল্লেখ করেন সময়।
সম্প্রতি সময় ও মেধার সুইজারল্যান্ডে একসঙ্গে ঘুরতে যাওয়ার গুঞ্জনও ছড়ায়। সামাজিক যোগাযোগমাধ্যমে দুজনের প্রকাশ করা ছবি দেখে ভক্তদের কেউ কেউ এমন ধারণা করেন। তবে তাঁরা একসঙ্গে ছুটি কাটাচ্ছেন কি না, সেটিও দুজনের কেউ নিশ্চিত করেননি।
মন্তব্য করুন