বিনোদন ডেস্ক

প্রকাশিত: ৪৬ মিনিট আগে, ০৩:৫৪ পিএম

অনলাইন সংস্করণ

মা হওয়ার পর শরীর বদলানো স্বাভাবিক, সমালোচকদের ‘অশিক্ষিত’ বললেন পরিণীতি

মা হওয়ার পর বলিউড অভিনেত্রী ক্যাটরিনা কাইফের ওজন ও শারীরিক পরিবর্তন নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে চলা সমালোচনার জবাব দিয়েছেন অভিনেত্রী পরিণীতি চোপড়া। তাঁর মতে, সন্তান জন্মের পর একজন নারীর শরীরে পরিবর্তন আসা স্বাভাবিক; এ নিয়ে নেতিবাচক মন্তব্য করা ঠিক নয়।

সম্প্রতি আইএএনএসকে দেওয়া এক সাক্ষাৎকারে মাতৃত্বকালীন ওজন নিয়ে কটাক্ষকারীদের সমালোচনা করেন পরিণীতি। তিনি বলেন, একজন নারী সন্তান জন্ম দেওয়ার পর তাঁর শরীরে পরিবর্তন আসতেই পারে এবং সেটিকে নেতিবাচকভাবে দেখা উচিত নয়।

নিজের ক্ষেত্রে সামাজিক যোগাযোগমাধ্যমের নেতিবাচক মন্তব্য খুব একটা প্রভাব ফেলে না জানিয়ে পরিণীতি বলেন, তিনি সোশ্যাল মিডিয়ায় খুব বেশি সময় কাটান না। পরিচিত নন এমন মানুষের মন্তব্যকে গুরুত্ব দেওয়ার প্রয়োজন দেখেন না বলেও জানান তিনি।

মাতৃত্বকালীন শারীরিক পরিবর্তন প্রসঙ্গে পরিণীতি বলেন, একজন নারী সন্তান জন্ম দিয়েছেন এবং তাঁর শরীরে কিছু পরিবর্তন এসেছে—এটিকে নেতিবাচক হিসেবে দেখার কারণ নেই। তাঁর ভাষায়, সন্তান জন্ম দেওয়া একজন নারীর অসাধারণ শারীরিক সক্ষমতারই প্রমাণ।

নিজের বক্তব্য বোঝাতে তিনি জিমে শরীরচর্চার ফলে পেশি বা অ্যাবস তৈরি হওয়া কিংবা পা ভেঙে গেলে প্লাস্টার করার উদাহরণ দেন। তাঁর মতে, গর্ভধারণের পর শরীরে যে পরিবর্তন আসে, সেটিও একটি দৃশ্যমান পরিবর্তনের স্বাভাবিক প্রমাণ।

যারা মাতৃত্বকালীন ওজন বা শারীরিক পরিবর্তন নিয়ে উপহাস করেন, তাদের মন্তব্যেরও সমালোচনা করেন পরিণীতি। তিনি মনে করেন, এ ধরনের মন্তব্যে মানুষের দৃষ্টিভঙ্গি ও সচেতনতার ঘাটতি প্রকাশ পায়।

গত বছরের ৭ নভেম্বর অভিনেতা ভিকি কৌশল ও ক্যাটরিনা কাইফ দম্পতির প্রথম সন্তান জন্ম নেয়। সম্প্রতি গণপতি উৎসবে ক্যাটরিনাকে প্রকাশ্যে দেখা যাওয়ার পর তাঁর চেহারা ও শরীরের পরিবর্তন নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন মন্তব্য ও ট্রল ছড়িয়ে পড়ে।

তবে ক্যাটরিনার শারীরিক পরিবর্তন নিয়ে এমন মন্তব্যের বিরুদ্ধে অনেক ভক্ত ও নেটিজেনও সোচ্চার হয়েছেন। মাতৃত্বের পর বলিউড অভিনেত্রীদের শারীরিক পরিবর্তন নিয়ে জনসমালোচনার ঘটনা নতুন নয় বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

মন্তব্য করুন