গাজীপুর প্রতিনিধি

প্রকাশিত: ৩৭ মিনিট আগে, ০৩:০৭ পিএম

অনলাইন সংস্করণ

গাজীপুরে সাবেক সেনা সদস্যকে মারধর ও শ্বাসরোধে হত্যাচেষ্টার অভিযোগ, হাসপাতালে ভর্তি

গাজীপুর সদর উপজেলার পশ্চিম নয়নপুর এলাকায় শাহজাহান চৌধুরী (৫২) নামে এক অবসরপ্রাপ্ত সেনা সদস্যকে মারধর ও শ্বাসরোধ করে হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায় দুইজনের নাম উল্লেখ করে জয়দেবপুর থানায় লিখিত অভিযোগ করেছেন তার স্ত্রী সুইটি (৪৪)।

অভিযোগে বলা হয়, গত ২১ সেপ্টেম্বর দুপুর ২টার দিকে বাড়ির প্রায় ৫০ গজ পশ্চিমে গজারি বনের পাশে প্রস্রাব করতে যান শাহজাহান। এ সময় পূর্বশত্রুতার জেরে ফরিদ ভূঁইয়া (৫৮), তার ছেলে ফাহিম ভূঁইয়াসহ ৪-৫ জন অজ্ঞাত ব্যক্তি তার ওপর হামলা চালান বলে অভিযোগ করা হয়েছে।

অভিযোগকারীর দাবি, হামলাকারীরা শাহজাহানকে মারধর করে শরীরের বিভিন্ন স্থানে জখম করেন। একপর্যায়ে ফরিদ ভূঁইয়া তার গলা চেপে ধরে শ্বাসরোধ করে হত্যার চেষ্টা করেন। এ সময় ফাহিম তার পকেট থেকে নগদ ১ হাজার ৫০০ টাকা নিয়ে যান বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে।

মারধরের একপর্যায়ে শাহজাহান অচেতন হয়ে পড়লে হামলাকারীরা তাকে মৃত ভেবে চলে যান বলে অভিযোগে দাবি করা হয়। পরে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।

শাহজাহান চৌধুরী সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত সার্জেন্ট। তিনি বাংলাদেশ মানবাধিকার কমিশন গাজীপুর সদর উপজেলা শাখার সভাপতি, মুক্তিযোদ্ধা সন্তান সংসদের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও বাংলাদেশ প্রেসক্লাবের সদস্য বলে জানা গেছে।

সুইটির অভিযোগ, ঘটনার পর থেকে অভিযুক্তরা মামলা বা আইনের আশ্রয় নিলে তাদের হত্যার পর লাশ গুম করার হুমকি দিয়ে আসছেন। স্বামীর চিকিৎসা নিয়ে ব্যস্ত থাকায় থানায় অভিযোগ করতে কিছুটা বিলম্ব হয়েছে বলেও তিনি জানান।

এ ঘটনায় জয়দেবপুর থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। অভিযোগের বিষয়ে অভিযুক্তদের বক্তব্য পাওয়া যায়নি। পুলিশের পক্ষ থেকেও তাৎক্ষণিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।

মন্তব্য করুন