বিনোদন ডেস্ক

প্রকাশিত: ২৩ সেপ্টেম্বার, ২০২৬, ০৪:১৫ পিএম

অনলাইন সংস্করণ

অন্তরঙ্গ দৃশ্যে অস্বস্তি কমেছে, ইন্টিমেসি ডিরেক্টরদের প্রশংসায় বিশাল

অন্তরঙ্গ দৃশ্যের শুটিংয়ে অভিনেতা-অভিনেত্রীদের অস্বস্তি নতুন কিছু নয়। তবে সময়ের সঙ্গে এমন দৃশ্য ধারণের পদ্ধতিতে পরিবর্তন এসেছে। বিশেষ করে ‘ইন্টিমেসি ডিরেক্টর’ বা ঘনিষ্ঠ দৃশ্যের সমন্বয়কদের উপস্থিতি এ ধরনের শুটিংকে অনেক বেশি স্বস্তিদায়ক করেছে বলে জানিয়েছেন বলিউড নির্মাতা বিশাল ভরদ্বাজ।

সম্প্রতি ‘লাস্ট স্টোরিজ ৩’-এ তাঁর পরিচালিত অংশ নিয়ে কথা বলার সময় পুরোনো ও বর্তমান সময়ের শুটিংয়ের পার্থক্য তুলে ধরেন বিশাল। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, আগে অন্তরঙ্গ দৃশ্যের শুটিংয়ের আগে নির্মাতা ও অভিনয়শিল্পীদের নিজেদের মধ্যে অনেক খুঁটিনাটি বিষয় নিয়ে আলোচনা করতে হতো। এতে পরিস্থিতি অনেক সময় বিব্রতকর হয়ে উঠত।

বিশালের মতে, এখন ইন্টিমেসি ডিরেক্টররা এ ধরনের দৃশ্যের পরিকল্পনা ও বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন। ফলে অভিনেতা ও নির্মাতাদের সরাসরি অস্বস্তিকর আলোচনা করার প্রয়োজন কমেছে। তাঁর ভাষায়, ইন্টিমেসি ডিরেক্টররা সেটের পরিবেশকে অনেক বেশি স্বস্তিদায়ক করে তুলেছেন।

‘লাস্ট স্টোরিজ ৩’-এ বিশাল ভরদ্বাজের পরিচালিত অংশে অভিনয় করেছেন অদিতি রাও হায়দারি ও সিদ্ধার্থ। বাস্তব জীবনেও তাঁরা দম্পতি। তাই অন্তরঙ্গ দৃশ্যের শুটিংয়ে তাঁদের মধ্যে স্বচ্ছন্দ সম্পর্ক থাকায় অস্বস্তি অনেকটাই কম ছিল বলে জানান নির্মাতা।

বিশাল বলেন, তাঁরা দুজন একে অপরের সঙ্গে খুব স্বচ্ছন্দ ছিলেন। স্বামী-স্ত্রী হওয়ায় এ ধরনের দৃশ্যে অস্বস্তির একটি অংশ এমনিতেই কমে গিয়েছিল বলে তাঁর মন্তব্য।

শুটিংয়ের একটি মজার ঘটনাও জানান বিশাল। একটি দৃশ্যে ক্যামেরা ছিল অদিতির পায়ের ওপর এবং সিদ্ধার্থকে হামাগুড়ি দিয়ে এগোতে হচ্ছিল। ওই দৃশ্যের জন্য দুজনেরই বডি ডাবল বা বিকল্প শিল্পী রাখা হয়েছিল।

তবে দৃশ্যটি দেখার পর অদিতি নিজেই সেটি করার সিদ্ধান্ত নেন। বিশালের বর্ণনা অনুযায়ী, দৃশ্যটি দেখে অদিতি নিজের পা নিয়ে মজার মন্তব্য করেন এবং পরে নিজেই দৃশ্যটি করার জন্য জোর দেন। শেষ পর্যন্ত অদিতি ও সিদ্ধার্থ দুজনই নিজেদের অংশে অভিনয় করেন।

‘লাস্ট স্টোরিজ ৩’ নেটফ্লিক্সের জনপ্রিয় অ্যানথোলজি সিরিজের তৃতীয় কিস্তি। চারটি আলাদা গল্প নিয়ে নির্মিত এই কিস্তির চারটি অংশ পরিচালনা করেছেন বিক্রমাদিত্য মোতওয়ানে, কিরণ রাও, শকুন বাত্রা ও বিশাল ভরদ্বাজ।

ছবিতে অদিতি রাও হায়দারি ও সিদ্ধার্থ ছাড়াও অভিনয় করেছেন রাধিকা আপ্তে, কঙ্কণা সেন শর্মা, বিজয় ভার্মা, আলী ফজল ও রাধিকা মদন।

মন্তব্য করুন