বিনোদন ডেস্ক

প্রকাশিত: ৫৮ মিনিট আগে, ০৫:৩৩ পিএম

অনলাইন সংস্করণ

বিয়ের জাঁকজমক নয়, ভালোবাসা ও সম্মানই গুরুত্বপূর্ণ: শ্রুতি হাসান

দক্ষিণী অভিনেত্রী শ্রুতি হাসান বিয়ে, সম্পর্ক ও মাতৃত্ব নিয়ে নিজের ভাবনার কথা জানিয়েছেন। তাঁর কাছে বিয়ে শুধু আইনি কাগজপত্রের সম্পর্ক নয়; বরং দুজন মানুষের পারস্পরিক ভালোবাসা, সম্মান ও প্রতিদিন একে অপরকে বেছে নেওয়ার বিষয়। সম্প্রতি অভিনেত্রী সোহা আলি খানের পডকাস্টে এসব কথা বলেন তিনি।

শ্রুতি জানান, তিনি একসময় বিয়ের খুব কাছাকাছি গিয়েছিলেন। তবে সেই অভিজ্ঞতা বিয়ের প্রতিষ্ঠান সম্পর্কে তাঁর দৃষ্টিভঙ্গিতে বড় কোনো পরিবর্তন আনেনি। তাঁর মতে, একজন সঙ্গীর সঙ্গে থাকা ও পারস্পরিক বন্ধন গুরুত্বপূর্ণ হলেও সেই সম্পর্ককে কেবল আইনি কাগজের মাধ্যমে সংজ্ঞায়িত করার প্রয়োজন তিনি অনুভব করেন না।

বিয়ে সম্পর্কে নিজের ভাবনা ব্যাখ্যা করতে গিয়ে শ্রুতি বলেন, তাঁর কাছে সুন্দর বিষয় হলো—সঙ্গী ও তিনি যেন প্রতিদিনই একে অপরকে বেছে নেন। সেই বন্ধন কোনো কাগজপত্রের কারণে নয়, বরং ভালোবাসা ও পারস্পরিক বোঝাপড়ার কারণে তৈরি হওয়া উচিত।

বিয়ের আয়োজন নিয়েও নিজের আপত্তির কথা জানান শ্রুতি। বড় আয়োজন ও অতিরিক্ত খরচের পরিবর্তে সাধারণভাবে বিয়ের পক্ষে তিনি। তাঁর প্রশ্ন, বিয়েতে বিপুল অর্থ খরচ করে এত আয়োজন আসলে কার জন্য করা হয়? বরং ওই অর্থ দাতব্য কাজে ব্যবহার করা যেতে পারে বলে মনে করেন তিনি।

তবে বড় আয়োজন করে যারা বিয়ে করেন, তাদের সমালোচনা করতে চান না বলেও স্পষ্ট করেছেন অভিনেত্রী। তাঁর আপত্তি মূলত অপ্রয়োজনীয় খরচ ও সামাজিক প্রদর্শনের ধারণা নিয়ে।

মাতৃত্ব নিয়েও নিজের ইচ্ছার কথা জানিয়েছেন শ্রুতি। তিনি মা হতে চান এবং ভবিষ্যতে জৈবিক সন্তান কিংবা দত্তক—দুই পথই তাঁর কাছে গ্রহণযোগ্য বলে জানিয়েছেন। তবে এই সিদ্ধান্ত সামাজিক বা পারিবারিক প্রত্যাশার কারণে নয়, নিজের ইচ্ছা থেকেই নিতে চান তিনি।

কাজের দিক থেকে শ্রুতি হাসানের সামনে রয়েছে তামিল ও তেলুগু ভাষার একাধিক চলচ্চিত্র। ‘Train’ বর্তমানে পোস্ট-প্রোডাকশন পর্যায়ে রয়েছে। অন্যদিকে ‘Aakasamlo Oka Tara’-র কাজও এগিয়ে চলছে।

 

মন্তব্য করুন